টুকটুকে লাল ছেলেবেলা
সজীব মালাকার
কই রে গেলি বন্ধুরা সব,
কই সে ছেলেবেলা,
তোদের সাথে ঘুরেফিরে
কতই হতো খেলা।
একসাথে রোজ সাঁতার হতো,
হতো স্কুলে যাওয়া,
টিফিন বেলায় ছোটাছুটি
এবং টিফিন খাওয়া।
ছুটির পরে যেতাম বাড়ি
একটু হেলে দুলে,
টুকটুকে লাল ছেলেবেলা
কেউ কি যাই আর ভুলে।
বিকেল হলেই মঠে যেতাম
নাটাই, ঘুড়ি নিয়ে,
শেষ বিকেলে ফড়িং ধরে
দিতাম ফড়িং বিয়ে।
ছুটির দিনে দ্বিগুণ হয়ে
আসত খুশি বয়ে,
সেসব কথা পড়লে মনে
ছোট্টটি যাই হয়ে।



