স্মরণ
রওশন মতিন
রাতের খামে তারার চিঠি,
সূর্য পাঠায় রোদের হাসি,
বিজলি চমক আকাশ-চেরা,
বৈশাখ বাজায় ঝড়ের বাঁশি।
দীঘির জলে শান্ত ছবি—
আকাশখানার ঘুম,
আলতো পায়ে দূর্বা ঘাসে
কে এঁকে যায় চুম।
হিজল বনে ডাকত পাখি,
মাঠের বুকে কলমী লতা
তুলতে গিয়ে খুঁজে পেতাম
পাখির মতন স্বাধীনতা।
কেমন আছিস শঙ্খনদী,
সবুজ-শ্যামল গাঁও?
পরান মাঝি উদাস কেন,
কোথায় তোমার নাও?
হয়তো আছে, সবই আছে,
আকাশ, মাটি, বন,
মানুষগুলো তেমনি আছে—
নেই আগেকার মন!



