নস্টালজিয়া
অলোক আচার্য
উঠানটা মৃত। শুয়ে আছে আমার পাশে।
শোক-তাপ নেই, কয়েকটি শব্দের আহাজারি,
কোরাসের সুর।
মানুষ মরে গেছে, উঠান মরে গেছে, বাতাস থেমে
পাশাপাশি ঘুমিয়ে শৈশবের গল্প ধরে—
বহুদিনের চেনা
কাঁদামাখা দুপুরের ঘ্রাণ, অচেনা পাখির শিষ।
কিছু শোকার্ত পাখি বসে থাকে কফিনের পাশে!
কোথাও প্রস্তুত হয় শোকগীতি।
কেউ সাদা পাঞ্জাবি গায়ে দেয়, আতর মাখে,
মুখে গাম্ভীর্য নিয়ে উঠানে দাঁড়ায়—
তারপর?
নীরবতা, পাশাপাশি ঘুমিয়ে!



