মনে পড়ে

মনে পড়ে

শাহানারা ঝরনা

 

কড়া নাড়ে আজও সেই শৈশব দিন,
হাসি-গানে মুখরিত ছিল তা রঙিন।
সাথীদের সাথে মিলে করে কোলাহল,
বয়ে যেত সুখধারা মনে অবিরল।

সই আর পুতুলের মায়া-সংসার,
মিছেমিছি, তবু ছিল সুখেরই বাহার।
পাঠশালা-পাঠ শেষে, লুকোচুরি খেলা,
বেতঝোপে কেটে যেত শুকসারি বেলা।

পাঁচগুটি, কানামাছি, সাতরঙা ঘুড়ি,
ডাংগুলি, বউচিতে কত জারিজুরি।
পালতোলা নৌকায় মাঝিদের গানে,
জারি-সারি, ভাটিয়ালি দোলা দিত প্রাণে।

একতারার সুর আর রাখালিয়া বাঁশি,
অন্তরে সুখ ঢেলে দিত রাশিরাশি।
আম, জাম, জারুলের শীতল ছায়া,
মনজুড়ে ছড়াত কী মুগ্ধতা, মায়া!

কিষাণেরা লাঙল আর মাথালি মাথায়,
ফসলের স্বরলিপি লিখত খাতায়।
দোয়েলের শিস শুনে ভরে যেত মন,
মনে রোজ দোলা দিত পায়রা-কথন।

অনেক দিন পরেও ডাক শুনি ওই,
শৈশব আজ যেন কাগজের বই।
ডিজিটাল সময়ের মায়াময়ী পথে,
ছুটে চলি সকলেই নানা জনমতে।

জানি, সেই দিন আর আসবে না ফিরে,
মায়াগাথা শুধু আছে মনটাকে ঘিরে।

শেয়ার করুন:

এই বিভাগের আরও লেখা:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top