মজার সাঁকো
স্বপনকুমার বিজলী
মজার সাঁকো আছে গাঁয়ের পুবে,
বইছে নিচে খরস্রোতা নদী।
যাদু দেখায় সূর্য গেলে ডুবে,
তোমরা যেও, মজা দেখো যদি।
বাঁশের সাঁকো দেখতে যেন মাচা,
স্বচ্ছ জলে ভাসছে চাঁদ ও তারা।
সন্ধেবেলা এসে বসে প্যাঁচা,
ঝড়ের সময় দুলেই আত্মহারা।
চাঁদনি রাতে সেদিন দাঁড়াই গিয়ে,
কাণ্ড দেখে, করব কী, নেই জানা।
সাঁকোর ওপর হচ্ছে ভূতের বিয়ে,
নাচছে দেখি হাজার ভূতের ছানা।
রাতের সাঁকো, ভিড় জমে খুব আছে,
মালা বদল চলছে বউ ও বরে।
হঠাৎ ক’জন আসছে দেখি কাছে,
অমনি ছুটে ফিরে আসি ঘরে।



