মায়ের আঁচল
রাকিবুল ইসলাম রাহান
নীল আকাশে মেঘপরীরা
পাঁপড়ি মেলে হাসে,
খোকা দেখে তুলোর পাহাড়
কোন দেশেতে ভাসে?
হঠাৎ মেঘের গুরুম গুডুম
শব্দ ওঠে কানে,
ভীতু খোকন লুকায় মাথা,
মায়ের আঁচল টানে।
মা বলে তার, “ভয় কী রে তোর,
দুষ্টু মেঘের ঝড়ে?
মেঘপরীরাই জল হয়ে সব
তোর উঠোনে পড়ে।”
ঝিমঝিমিয়ে বৃষ্টি নামে,
ভিজল মাঠের ঘাস,
ভয়টি তুলে খোকা এখন
ছাড়ল দীর্ঘশ্বাস।



