কালপ্রবাহ
শফিকুল মুহাম্মদ ইসলাম
অরুণ আলোকে জাগে নবীন প্রত্যয়,
কালস্রোত বহে নিত্য দুরন্ত নির্ভয়।
রাজ্য ভাঙে ধূলিসাৎ ক্ষণিক বিভব,
গৌরব মিশায়ে যায় বিস্মৃতির রব।
অতীত ডেকেছে দূর স্মৃতির আবেশে,
বর্তমান ক্ষয় পায় নিয়তির দেশে।
অনাগত রহস্যতে রয় আচ্ছাদন।
কালচক্রে ঘুরে ফেরে জীবন-স্পন্দন।
প্রভাত হাসে নীরব শিশির-আভায়,
সাঁঝ নামে ধীর লয়ে বিষণ্ণ ছায়ায়।
তবু মন গড়ে স্বপ্ন অমৃত আশায়,
মায়াবী সে আয়োজন কোথায় বিলায়।
অবশেষে জয়ী হয় সময় ও কাল,
মহামানবের মতো রাখো দৃঢ় হাল।



