কাগজ কুড়াই
আবদুল হাই ইদ্রিছী
কাগজ নিয়ে কাজ করি ভাই কাগজ নিয়ে কাজ,
পথে পথে কাগজ কুড়াই নেই তো মনে লাজ।
রোদে পুড়ে ঘামে নেয়ে কাগজ কুড়াই রোজ,
কাগজ কোথায় আছে তুমি আমায় দিও খোঁজ,
কাগজ কুড়ে ফুরিয়ে বেলা তৃপ্ত করি মন,
এই জীবনে কাগজ আমার মস্ত বড় ধন।
এই কাগজের বুকে দেখি বাংলাদেশের মুখ,
এই কাগজের মাঝে খুঁজি মজলুমানের দুখ।
টেবিল ভরা কাগজ আমার আরো ভরা খাট,
আলমিরা ও অফিস ভরা কাগজ করি পাঠ।
কাগজ আমায় হাসায় কাঁদায় সঙ্গী সারাক্ষণ,
কাগজ নিয়ে কাটবো জীবন এই করেছি পণ।
বুকের সকল কথা করি এই কাগজে পেশ,
কাগজ পারে গড়তে সমাজ গড়তে সোনার দেশ।
কাগজ নিয়ে স্বপ্ন দেখি কাগজ নিয়ে বাস,
কাগজ শুধু রেখে যাবো হবো যখন লাশ।



