চট্টগ্রামের ফুসফুস

চট্টগ্রামের ফুসফুস

কবির কাঞ্চন

 

হাসপাতালকে ডেকে বলে সিআরবি’র গাছে
এসো না এসো না বন্ধু তুমি আমার কাছে।
আমার স্থানে তুমি এলে আমি যাবো কই
থেমে যাবে মানুষগুলোর আনন্দ হইচই।

আমার মতো তোমারও তো আছে প্রয়োজন
তুমি বাঁচো আমিও বাঁচি বলছে আমার মন।
হাসপাতাল বলে ওঠে তোমার কথা ঠিক
যারা আমায় আনছে হেথায় তাদের জানাই ধিক।

আজকে আমার মনের কথা বলছি শোন ভাই
তোমার স্থানে তুমি থাকো এটাই আমি চাই।
আমি বুঝি, তুমি বোঝো, বোঝে না তো ওরা
মরিচীকার পিছে ওরা ছুটছে হয়ে ঘোড়া।

তোমার বুকে আছে কত জীবজন্তুর বাসা
তুমি হলে নগরবাসীর বেঁচে থাকার আশা।
সকাল-বিকাল হাজার মানুষ তোমায় ঘিরে থাকে
তাই বুঝি গো সবাই তোমায় ‘ফুসফুস’ বলে ডাকে।

আমি যেমন অসুস্থকে সুস্থ করে তুলি
তেমন তোমার দয়ার কথা কেমন করে ভুলি।
সিআরবি’ তো তোমারই স্থান আছে আমার জানা
বলব ওদের তোমার স্থানে দেয় না যেন হানা।

শেয়ার করুন:

এই বিভাগের আরও লেখা:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top