স্বপ্ন দেখি
জাকির হোসেন কামাল
পাখি হলেই নীড় থাকবে
মানুষ হলেই ঘর,
বুকের ভেতর সুখের নদীর
থাকবে কলস্বর।
কিন্তু আমি হইনি কিছুই
না পাখি না মানুষ,
বুঝে গেছি তাইতো আমার
স্বপ্নগুলো ফানুস।
পাখির আছে সুনীল আকাশ
প্রাণীর আছে ঘর,
আমার আছে বুকের ভেতর
কান্না নিরন্তর।
তবুও বেঁচে আছি নিয়ে
সাহস এবং ভয়,
কবে হবে এই আমাদের
একটা পরিচয়।
অস্থিরতায় দিন কাটে না
যাচ্ছে তবু দিন,
তারপরেও স্বপ্ন দেখি
স্বাধীন ফিলিস্তিন।



