গল্প

বাংলা গল্প সমাহার

বাংলা গল্প সাহিত্যের অন্যতম জনপ্রিয় ধারা। কালের সাঁকোতে প্রকাশিত হয় নতুন বাংলা গল্প, সমকালীন গল্প, গ্রামীণ জীবনভিত্তিক গল্প, শিশুতোষ গল্প, কিশো গল্প এবং সাহিত্যধর্মী বিভিন্ন সৃষ্টিশীল গল্প। দেশের ও প্রবাসের লেখকদের মৌলিক গল্প নিয়মিত প্রকাশিত হয় এখানে। বাংলা সাহিত্যের পাঠকদের জন্য এটি একটি সমৃদ্ধ গল্পভাণ্ডার।

গল্প, শিশু সাহিত্য

পাখিদের মিতা

পাখিদের মিতা মোস্তাফিজুল হক   ভোর ছয়টা। দোয়েল শিস কাটছে। বাতাসে ফুলের সুবাস ছড়িয়ে পড়েছে। আলো ঝলমলে ভোর। তাই পাখিরাও সুর ধরেছে। চড়ুই, শালিক আর টুনটুনি কিচিরমিচির করছে। একটানা গেয়ে চলেছে ওরা। অপু একটা মাটির পেয়ালায় কিছু খুদ ঢেলে নিলো। তারপর বাগানে চলে গেল। খুদগুলো পাখিদের খাবার। রোজ সে এভাবেই খাবার ছিটিয়ে দেয়। তখন পাখিরা বাগানে নেমে আসে। চড়ুই, টুনটুনি, বুলবুলি, দোয়েল, বনছাতারে, হলদে পাখি এমনকি লাজুক ঘুঘুও নেমে আসে। তবে অপু ছাড়া আর কেউ থাকলে নামে না। তখন শুধু দোয়েল নামে। ফিঙেটার রাজকীয় ভাব। ওটা কখনও নামে না। ওটা যেন মাঠের রাজা। আয়েশ করে গরুছাগলের পিঠে বসে থাকে। তারপর উড়ে গিয়ে ফড়িং নয়তো পোকামাকড় ধরে। ভাবটা যেন এরকম- রাজা হয়ে কেন খুদকুঁড়ো খেতে যাব? অপু যেন পাখিদের ভাষা বোঝে। পাখিরাও হয়তো অপুকে বোঝে। তেজপাতা গাছের আড়ালে লুকিয়ে ডাকে ফটিকজল। ভীষণ চড়া গলা। চড়া হলেও খুব সুমধুর গলার সুর। অতটুকুন পাখি। টুনটুনির চেয়ে কিছুটা বড়। দুপুরে সুর ধরে গায়। তখন মনে হয় অপুকেই বলে, ‘কী খাইছ?’ আষাঢ়ের দুপুর। ভোরেই মেঘ ঝরেছে। তবে তাপ একটুও কমেনি। ভীষণ গরম। হাঁসফাঁস করছিল অপু। কদম গাছের ছায়ায় এসে বসল সে। হঠাৎ করেই ওর নজর পড়ল একটা পাখি। ‘ইস্! কী মায়াবী পাখি। টকটকে লাল ঠোঁট। বড় দুটো গোলগাল চোখ। সবুজ পালক। ভোঁতা ভোঁতা ঠোঁটে কিছুটা লাজুক লাজুক…’ ‘এই যে, আমাকে নিয়ে ভাবছো?’ অপু অবাক হয়ে মনে মনে বলল, ‘এ যে কথা বলা পাখি!’ এই অপু, আমি নেচে নেচে গোসল করব। দেখবে তুমি? অপুর গলা দিয়ে আওয়াজ বেরোয় না। বেরোবে কী? পাখিটা যে ওর নামও জানে। তাই সে অনেকটাই বোকা বনে গেছে। মুখে আওয়াজ না বেরুলেও মন বলেছে, ‘দেখাও দেখি! ওহ্! তোমার নামটাও তো জানা হলো না? আগে নামটা বলো।’ ‘আমি বৌরি। তোমাদের এই কদমগাছেই থাকি। খোঁড়লটা তো দেখাই যায়, তাই না? এই খোঁড়লে পানি জমেছে। এতেই আমি নেচে নেচে গোসল করব।’ পাখিটা দুটো ডুব দেয়। ডুব দিয়ে উঠে এসে ডালে বসে। পালক ঝাড়ে। ঠোঁট দিয়ে পালক ঘষে। তারপর আবারও ডোবাডুবি করে। এসব দেখে অপুর ভালো লাগে। সে মনে মনে বলে, ‘ভারী চমৎকার করে গোসল করলে তুমি।’ কেমন যেন আজব ঘটনা! অপু মনে মনে যা বলে, পাখিটা সে-ও বুঝে ফেলে। আর তাই পাখিটা বলে, ‘আমার গোসল করা দেখে তোমার ভালো লেগেছে জেনে খুশি হলাম। তুমিও তো গরমে ভিজে একদম জবজবে হয়ে গেলে। সাঁতার কেটে গোসলটা সেরে ফেলো? শরীর আর মন ফুরফুরে হবে। যাও ভাই।’ অপু ভাবলো, তাইতো। সাঁতার কেটে গোসল করলে গরমে কিছুটা আরাম পাওয়া যাবে। তারপর অপু চলে গেল ভাটিগাঙের ধারে। সেতু থেকে লাফিয়ে পড়ে ডুব সাঁতারে মেতে উঠল সে। এভাবে লাফাতে লাফাতে হঠাৎ একটা দারুণ ঘটনা ঘটে গেল। অপু যেন ডুব দিয়ে নতুন এক জগতের দেখা পেল। সবুজে ঘেরা মায়াবী এক বন। গাছে গাছে কতোই না রঙবেরঙের ফুল! মন ফুরফুরে করে দেওয়া সেসব ফুলের সুবাস। ডালে ডালে হাজারো রকমের পাখি। কতো রঙবেরঙের পালক ওদের! ওরা অপুকে দেখেই সুর ধরে বলল, পাখির মতো মনটা তোমার করবে পাখির রাজ, পালক দিয়ে গড়ব এসো পাখি রাজার তাজ। অপু তুমি পাখির মিতা পাখির আপনজন, তোমার হয়ে গাইবে পাখি সাজবে ফুলের বন। বনের পাখিদের আজ রঙিন ডানার মতোই রাঙানো মন। মনে যেন আজ কোনও ভয় নেই। যার যেমন মন চাইছে, অপুর কাঁধে, হাতে আর মাথায় বসছে। মাথা ঘুরিয়ে ঘুরিয়ে অপুর মুখও দেখছে। আহা রে! যেন কতদিন পরে কতটা আপনজনকে ফিরে পেয়েছে। পাখিরা অপুকে ভালোবেসে কতরকমের ফল খেতে দিলো। টুনটুনি আর বাবুইয়ের গড়া রাজসিক ঘরে নিয়ে বসতেও দিলো। ঘাসের ডগায় আর শিমুল তুলোয় গড়ানো গদির চেয়ার। সেরকম করেই গড়ানো বিছানা। তারপর কখন যেন ঘুমের গভীরে তলিয়ে গেল সে। অপু দুইদিন ধরে বিছানায় শুয়ে আছে। পাখিদের খাবারও দেওয়া হয় না। মা একা মানুষ। সবকিছু সামলে উঠতে পারেন না। এদিকে অপুর শরীরে রেশ উঠেছে। তাপও বেড়ে গেছে। পাখিদের খাবার কখন দেবেন? অনেকটাই অবচেতন অপুকে মা ডেকে বললেন, ‘বাবা, উঠে অষুধটা খেয়ে নাও। অষুধ না খেলে তাড়াতাড়ি ভালো হবে কী করে? তখন অপুর মনে পড়ে গেল পাখিদের কথা। ও ঘুমের গভীরে তলিয়ে গিয়ে যা দেখেছে, ওসব সঠিক নয়। তবে সে বাড়ির আশেপাশের পাখিদের মনে অনেক আগেই জায়গা করে নিয়েছে। সেই তাগিদ থেকে অপু এবার গা ঝাড়া দিয়ে বসল। তারপর বলল, ‘আহা! দুদিন থেকে পাখিদের খাবার দেওয়া হয় না!’       প্রিন্স মাহমুদ হাসান-এর গল্প

ওরা ক’জনের গল্প
গল্প, শিশু সাহিত্য

ওরা ক’জনের গল্প

ওরা ক’জনের গল্প উৎপলকান্তি বড়ুয়া ওরা তিনজন। থাকে একসাথে। ওরা ভাই বোন। দুই ভাই এক বোন। আচ্ছা, ওরা কারা? ওহ্ তাই তো! ওদের পরিচয় করিয়ে দেই। ওরা গ ল প। গ এবং প ভাই। ল বোন। গ এবং প -এর একমাত্র বোন ল। বড় আদরের বোন। ওরা খেলে একসাথে। বেড়ায় একসাথে। খায় একসাথে। ঘুমায় একসাথে। থাকে একসাথে। কাউকে ছাড়া কেউ ওরা একা কোথাও যায় না। তিন ভাইবোন একে অপরকে প্রচণ্ড ভালোবাসে। গ এবং প দুই ভাইয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। দুই ভাইয়ের-ই মাথায় চুল নেই। ওদের টেকো মাথা। টেকো মাথার গ আর প এর বোন ল তাদের খুব আদরের। চোখের আড়াল হতে দেয় না কোনো মতে। একদিন একা একা ফুল বাগানে খেলছিল বোন ল! বোশেখ মাস। দিনের গনগনে সূর্য চাপিয়ে, আকাশ বাতাস কাঁপিয়ে হঠাৎ মেঘ ডেকে উঠলো গুড়ুম গুড়ুম। মেঘে ছেয়ে যায় চারদিক। বাতাসও যেনো রেগে ওঠে সে সময়! বইতে থাকে প্রচণ্ড বেগে। শুরু হয় ঝড়। ঝড়ের দাপটে ভেঙ্গে পড়ে পাতা, ডাল, শাখা গাছপালা। একা একা ফুল বাগানে খেলায় মশগুল ল’কে নীল প্রজাপতি বললো -ওহে ল, ঝড় প্রচণ্ড ঝড় যে এলো! আমি পালাই। তুমিও পালাও। ঘরে যাও। এই বলে নীল প্রজাপতি দুই পাখা মেলে চটজলদি তার ঘরে ফিরে যায়। প্রজাপতির কথায় এতক্ষণে ল বুঝতে পারে, তাইতো! ঝড় তো বেশি এলো! এবার উপায়! তড়িঘড়ি করে ল খেলনা ফেলে উঠে দেয় দৌঁড়। আর ঠিক সেই সময়েই ঘটে মহা বিপদ! কেউ কি জানতো এমন বিপদ এখানে ওঁত পেতে অপেক্ষা করছিলো? ঝড়ের দাপটে উপর থেকে বড় আমগাছের এক ডাল ভেঙ্গে পড়ে ল এর উপর! বিশাল চিৎকার করে ল লুটিয়ে পড়ে মাটিতে আম গাছের ভাঙ্গা ডালের নিচে। ব্যাস! সেই দূর্ঘটনায় ল এর এক পা গেলো ভেঙ্গে। সেই থেকে পা খোড়া হয়  ল’এর। হাঁটতে রীতিমত বেশ কষ্ট পোহাতে হয় প্রতিটা সময়। আর সেই থেকে ল কে হাঁটতে হয় কারোর সাহায্য নিয়ে। হাঁটে অবশ্য প এর কাঁধে ভর করে সবসময়। গ হাঁটে সামনে আর ল হাঁটে প এর কাঁধে ভর করে পিছু পিছু। সেই থেকেই সকলে ওরা তিনজনকে গল্প নামেই চেনে-ডাকে। গ আর প বরাবরই খুব শান্ত প্রকৃতির। কারোর সাতেও নেই পাঁচেও নেই। যাকে বলে একেবারে নিরীহ দু’জন। পাড়ার কিছু দুষ্টুরা মিলে গ এবং প কে প্রায় সময়েই দূর থেকে দাড়িয়ে , টেকো মাথা টেকো মাথা ঢেকে রেখো– বলে বলে ভেংচি কেটে, খোঁচা মারে। ওরা হলো ঙ ণ এবং ধ। গ এবং প শুনেও সেদিকে কর্ণপাত করে না। নীরব থাকে। কিন্তু প্রিয় ভাই গ আর প’কে কেউ এভাবে বলবে কেন! ল তা সহ্য করে না? এবার রুখে দাঁড়ায় সে পাড়ার দুষ্টু ঙ ণ এবং ধ বিরুদ্ধে। সাফ সাফ প্রতিবাদের সুরে জবাব দিয়ে দেয়, তোমরা কি চুলঅলা? তোমরাও টেকো! নিজ মাথাতেই নিজে হাত দিয়ে দেখো! কেন শুধু অন্যকে খোঁচা মেরে ঘাঁটো নিজে টেকো হয়ে কেনো ভেংচি কাটো? -আরে তাইতো! আমাদের মাথায়ও তো চুল নেই। সেটাই তো মনে ছিল না! লজ্জা পেয়ে যায় ঙ ণ এবং ধ। সেই থেকে ওরা গ আর প কে ভেংচি কেটে আর লজ্জা দেয় না। ওরাও বেশ ভালো হয়ে যায় তখন থেকে।   গ প আর ল কে দেখলে এখন ভালো করে, সুন্দর করে কথা বলে, কুশল‌ বিনিময় করে। খেলা করে একসাথে। গানে গলা মিলায় সুর করে। তাদের একটা প্রিয় গান আছে। গ ল আর প এবং ঙ ণ আর ধ একসাথে ইদানিং ওরা ছয়জন একসাথে হলে তাদের প্রিয় গানটি গায় মজা করে-   আমরা ক’জন সুখী, বুকে স্বপ্ন অফুরান হাত ধরে এক অপরের আজ গাইরে খুশির গান। ভালোবাসা ছাড়া ওরে কিচ্ছু তো নেই মনা, একসাথে এক পাড়ায় থাকি আমরা তো ছয়জনা। একসাথে এক পাড়ায় থাকি আমরা তো ছয়জনা।।     স্বপনকুমারের গল্প

ব্যাঙের সমুদ্র দেখা
গল্প, নির্বাচিত লেখা, হাসির গল্প

ব্যাঙের সমুদ্র দেখা

ব্যাঙের সমুদ্র দেখা সুকুমার রায় (জাপানী গল্প) গ্রামের ধারে কবেকার পুরান এক পাতকুয়োর ফাটলের মধ্যে কোলাব্যাং তার পরিবার নিয়ে থাকত। গ্রামের মেয়েরা সেখানে জল তুলতে এসে যেসব কথাবার্তা বলত কোলাব্যাঙ তার ছেলেদের সেইসব কথা বুঝিয়ে দিত—আর ছেলেরা ভাবত ‘ইস্‌! বাবা কত জানে!’ একদিন সেই মেয়েরা সমুদ্রের কথা বলতে লাগল। ব্যাঙের ছানারা জিজ্ঞাসা করল—”হ্যাঁ বাবা! সমুদ্র কাকে বলে?” ব্যাঙ খানিক ভেবে বলল, “সমুদ্র? সে একরকম জন্তুর নাম।” তখন একটা ছানা বলল—”ওরা যে বলছিল সমুদ্র খুব ভয়ানক বড় হয়, আর তার মধ্যে অনেক জল থাকে—আর লোকেরা সাঁতার কেটে তা পার হতে পারে না।” তখন কোলাব্যাঙ মুশকিলে পড়ল। সে গাছপালা দেখেছে, বাড়িঘর দেখেছে—মানুষ কুকুর ঘটি বাটি নানারকম জিনিসপত্র দেখেছে, আর ছেলেবেলায় অনেকরকম জিনিসের গল্প শুনেছে। কিন্তু সমুদ্রের কথা ত কখন শোনেনি! তখন সে ভাবল সমুদ্রের কথা একটু খোঁজ করে দেখতে হবে। পরদিন সকালে উঠেই কোলাব্যাঙ তার ছাতা পোঁটলা নিয়ে বলল, “আমি সমুদ্রের সন্ধান করতে যাচ্ছি।” তার গিন্নী কত কাঁদল, ছেলেরা নানারকম সুর করে তাকে বারণ করল কিন্তু কোলাব্যাঙ বলল, “না, এতে আমার জ্ঞানলাভ হবে—তোমরা বাধা দিও না।” এই বলে সে পাতকুয়ো থেকে উঠে একটা মাঠের দিকে চলল। ব্যাঙ বাইরে এসেই দেখে মানুষ কুকুর গরু তারা কেউ তার মতো লাফিয়ে লাফিয়ে চলে না—তাই দেখে সে ভাবল ‘লাফিয়ে চললে সবাই আমায় বেকুব ভাববে।’ এই ভেবে সে হেঁটে হেঁটে চলতে লাগল। কিন্তু অমন করে চলে ত তার অভ্যাস নেই—খানিক গিয়েই তার ভারই পরিশ্রম বোধ হল। মাঠের ওপারে আর এক গ্রামের কাছে এক গর্তের মধ্যে মেতে ব্যাঙদের বাসা ছিল। মেটে ব্যাঙেরাও সমুদ্রের কথা শুনেছে, তাই তাদের মধ্যে একজন বেরিয়েছে সমুদ্রটা দেখতে। মাঝখানে দুই ব্যাঙের দেখা হল। কোলাব্যাঙ বলল, “আমি ফাটল-কুয়োর কোলাব্যাঙ, যাচ্ছি সমুদ্রে।” মেটে ব্যাঙ বলল, “আমি মেঠো-ব্যাঙ, আমিও যাচ্ছি সমুদ্রে।” তখন তাদের ভারি ফূর্তি হল। কিন্তু সমুদ্রে যাবার পথ ত তারা জানে না। মাঠের মধ্যে একটা মস্ত ঢিপি ছিল; মেটে ব্যাঙ বলল, “ওর উপরে উঠে দেখি ত কিছু দেখা যায় কিনা।” এই বলে তারা অনেক কষ্টে সেই ঢিপির উপর চড়ে সেখান থেকে একটা গ্রাম দেখতে পেল। মেটে ব্যাঙ বলল, “আরে দুর ছাই! এরকম ত ঢের দেখেছি! আমার বাড়ির কাছেই ত অমন আছে।” কোলাব্যাঙ বলল, “তাই ত! আমিও ছেলেবেলা থেকে ওরকম কত দেখেছি। সব জায়গাই দেখছি একরকম। মিছামিছি আমরা হেঁটে মরলাম।” তখন তারা ভারই বিরক্ত হয়ে বাড়ি ফিরে গেল। কোলাব্যাঙ তার ছানাদের বলল, “সমুদ্র টমুদ্র কিছু নেই—ওসব মিছে কথা!”

খোকার বন্ধু এলিয়েন ছবি: দৈনিক দেশ রূপান্তর
গল্প, শিশু সাহিত্য

খোকার বন্ধু এলিয়েন

খোকার বন্ধু এলিয়েন প্রিন্স মাহমুদ হাসান   তোমরা খোকাকে হয়তো চিনবে না। সে ক্লাস ফোরে পড়ে। জঙ্গলের পথ ধরে খোকাদের স্কুল। ওই পথ ধরেই খোকা প্রতিদিন স্কুলে যায়। জঙ্গলের পথ পেরুতেই সে ও তার কয়েকজন বন্ধু মিলে গল্প করতে করতে স্কুলে যায়। খোকা খুব সাহসী ছেলে। তাই তার বাবা-মা তার একা একা স্কুলে যাওয়া নিয়ে চিন্তা করে না। সেদিন খুব বৃষ্টি পড়ছিল। খোকা ও তার বন্ধুরা ভাবল এমন বৃষ্টিতে ছাতা নিয়ে বাসায় যেতে চাওয়া বৃথা, ভিজে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই কিছুক্ষণ অপেক্ষা করলে সেটা তাদের জন্যই ভালো হবে। যেমন ভাবা তেমন কাজ, তারা বৃষ্টির পরই বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু ততক্ষণে বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা। হাঁটতে হাঁটতে খোকা ও তার বন্ধুরা প্রায় জঙ্গলের কাছে চলে এলো। খোকার বন্ধুরা খোকাকে এগিয়ে দিতে চাইলেও খোকা রাজি না হওয়ায় তারা যে যার বাসার উদ্দেশ্যে হাঁটতে লাগল। খোকা জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল।হঠাৎ সে অদ্ভুত একটা শব্দ শুনে থমকে দাঁড়াল। খোকা ‍সাহসী ছেলে হলেও সে শব্দ শুনে ভয় পেয়ে গেল। ভয়ে ভয়ে জঙ্গলের ভেতরে তাকাতেই খেয়াল করল অদ্ভুত ও ছোট আকৃতির একটা প্রাণী তাকে গাছের আড়ালে লুকিয়ে থেকে দেখছে। খোকা সাহসী হলেও সে এবার সত্যিই ভয় পাচ্ছে। কিছুক্ষণ ভয়ে ভয়ে দাঁড়িয়ে থাকার পর সে খেয়াল করল প্রাণীটি তার কোনো ক্ষতি করার চেষ্টা করছে না। খোকা এবার ভয় না পেয়ে ধীরে ধীরে প্রাণীটির কাছে এগিয়ে যেতে থাকল। প্রাণীটির কাছে যাওয়ার পর সে আরও খেয়াল করল প্রাণীটির দুই চোখ দিয়ে পানি ঝরছে। খোকার এটা দেখে খুব মায়া হলো। সে প্রাণীটির আরও কাছে গিয়ে জিজ্ঞেস করল, ‘তুমি কে? কোথা থেকে এসেছ?’ প্রাণীটি আকাশের দিকে ইশারা করে জোরে জোর কাঁদতে শুরু করল। এতে খোকার বুঝতে আর বাকি রইল না যে, প্রাণীটি এই পৃথিবীর কেউ নয়, প্রাণীটি এলিয়েনের বাচ্চা। খোকা এলিয়েনের বাচ্চাটিকে অভয় দিয়ে তার ব্যাগের ভেতর ঢুকিয়ে বাসায় নিয়ে আসলো। কিছুদিন যেতেই এলিয়েনের বাচ্চাটির সঙ্গে খোকার বন্ধুত্ব গড়ে উঠল। খোকা এলিয়েনের বাচ্চাটিকে ব্যাগের ভেতরে নিয়ে প্রতিদিন স্কুলে আসা যাওয়া করে। সে ধীরে ধীরে এলিয়েনের ভাষা রপ্ত করতে শুরু করল। একদিন সে স্কুল থেকে আসার পর খেয়াল করল এলিয়েনের বাচ্চাটি কার যেন একটি পেন্সিল চুরি করে নিয়ে এসেছে। খোকা তার খাটের নিচে তাকিয়ে খেয়াল করল অনেকগুলো পেন্সিল আর ইরেজার ছড়িয়ে ছিটিয়ে আছে। যেগুলোর কোনোটাই তার নয়। বাবার কাছে খোকা শুনেছে চুরি করা মহাপাপ। তার প্রিয় বন্ধুটি এভাবে চুরি করে অন্যের জিনিস নিয়ে আসবে তা সে কখনোই কল্পনা করেনি। প্রিয় বন্ধুর এমন কর্মকান্ডে সে খুবই দুঃখ পেল। খোকা চিন্তা করতে থাকল তার প্রিয় বন্ধুটিকে কীভাবে ভালো পথে ফিরিয়ে আনা যায়। সে এলিয়েনের বাচ্চাটিকে মানুষের যত ভালো গুণাগুণ আছে সেই বিষয়ে শিক্ষা দিতে শুরু করল। এলিয়েনের বাচ্চাটিও ধীরে ধীরে মানুষের সব ভালো গুণগুলো রপ্ত করতে থাকল। সে তার চুরি করা সব পেন্সিল ও ইরেজার জাদু দিয়ে আবার সবার ব্যাগে ফিরিয়ে দিল। খোকা এতে খুব খুশি হয়ে এলিয়েনের বাচ্চাটিকে তার প্রিয় কিছু চকলেট উপহার দিল। এর ফলে এলিয়েনের বাচ্চাটি খুব খুশি হয়ে খোকাকে জড়িয়ে ধরল। একদিন রাতে খোকা হঠাৎ খেয়াল করল এলিয়েনের বাচ্চাটি খাটের নিচে এক কোনায় গিয়ে কান্না করছে। খোকা বাচ্চাটিকে সেখান থেকে কুড়িয়ে এনে তার বিছানার ওপর রাখল। খোকা বাচ্চাটিকে তার কান্নার কারণ জানতে চাইলে সে বলল, ‘আমি সৌরজগতের বামন গ্রহ এরিস থেকে এসেছি। সেখানে আমি খুব দুষ্টামি করতাম। দুষ্টামি করার সময় খেলোচ্ছলে প্রায়ই বিভিন্ন অপরাধ করে ফেলতাম। যেগুলো আমার কাছে অপরাধ মনে হতো না। যার শাস্তিস্বরূপ আমাকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আজ এরিস গ্রহ থেকে সিগন্যাল এসেছে তারা আমার ভালো হয়ে যাওয়ার খবর পেয়েছে। তাই তারা আমার সব অপরাধ ক্ষমা করে দিয়েছে এবং এরিসের রাজা আবার আমাকে ওই গ্রহে থাকার অনুমতি দিয়েছেন। খোকা বলল, ‘সেটা তো ভালো খবর কিন্তু তুমি মন খারাপ করছ কেন? এতে তো তোমার খুশি হওয়ার কথা।’ ‘খুশি হওয়ার কথা, কিন্তু সেখানে তো তোমার মতো এমন ভালো বন্ধু পাবো না। তোমার কারণেই তো আমি আমার গ্রহে যাওয়ার অনুমতি পেয়েছি।’ ‘তুমি যদি সেখানে গিয়ে সৎ থাকো তাহলে তোমার ভালো বন্ধুর অভাব হবে না। সেখানে সবাই আমার মতো তোমাকে আপন করে নেবে। তখন সবাই তোমার সঙ্গে খেলবে, একসঙ্গে হাসবে, এমনকি দুঃখের দিনেও তোমার পাশে থাকবে।’ খোকার কথা শুনে এলিয়েনের বাচ্চাটির যেন আরও কান্না পাচ্ছে। সে কিছুতেই তার এমন ভালো বন্ধুকে হারাতে চায় না কিন্তু তার মা-বাবার কথা খুব মনে পড়ে। তার মা-বাবার কাছে যেতে হলে পৃথিবী থেকে বিদায় নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সে খোকাকে জড়িয়ে ধরে বলল, ‘আমি তোমার ঋণ কখনো ভুলব না। তোমার মতো বন্ধু পাওয়া ভাগ্যের বিষয়। তোমাকে ছেড়ে আমাকে যেতেই হচ্ছে। আমাকে ক্ষমা করে দিও। আশা করি শিগগিরই তোমার সঙ্গে আবার দেখা হবে।’ খোকা তখন আর কোনো কথা বলতে পারছিল না। তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করল। পরদিন সন্ধ্যাবেলায় খোকা এলিয়েনের বাচ্চাটিকে নিয়ে জঙ্গলে চলে গেল। হঠাৎ কোথা থেকে ছোট একটা স্পেসশিপ উড়ে এলো। জঙ্গলের মাঝখানে একটা খালি জায়গায় স্পেসশিপটা অবতরণ করতেই দুটি এলিয়েন পৃথিবীর মাটিতে পা রাখল। এলিয়েনের বাচ্চাটি খোকাকে শেষবারের মতো জড়িয়ে ধরে বিদায় জানিয়ে এলিয়েনদের কোলে উঠে পড়ল। তাকে বিদায় জানাতে খোকার খুব কষ্ট হচ্ছিল। সে তার জন্মদিনে বাবার কাছ থেকে উপহার পাওয়া প্রিয় একটি কলম এলিয়েনের বাচ্চাটিকে উপহার দিল। এলিয়েনের বাচ্চাটি স্পেসশিপে ওঠার সঙ্গে সঙ্গেই স্পেসশিপের দরজা বন্ধ হয়ে গেল। দরজা বন্ধ হতেই স্পেসশিপটি দ্রুত শূন্যে ভেসে অদৃশ্য হয়ে গেল। খোকা আকাশে তাকিয়ে তাকিয়ে প্রিয় বন্ধুটিকে চিরদিনের জন্য বিদায় জানাল। খোকা প্রতিদিন বাড়ি ফেরার সময় এলিয়েনের বাচ্চাটিকে দেখার আশা নিয়ে দীর্ঘক্ষণ জঙ্গলে তাকিয়ে থাকে, কিন্তু তার প্রিয় বন্ধুটি আর আসে না।   (গল্পটি দৈনিক দেশ রূপান্তরে প্রকাশিত)     লেখকের আরও গল্প

Scroll to Top