বৃষ্টি ঝরে
মো. মাহবুবুল আলম
বৃষ্টি ঝরে গাছের ডালে,
বৃষ্টি ঝরে টিনের চালে।
সকাল-সন্ধ্যা বিরতিহীন,
ঝমঝমঝম সারাটা দিন।
বৃষ্টি ঝরে সবুজ ঘাসে,
বৃষ্টি ঝরে দোলা কাশে।
টাপুর-টুপুর ছন্দ-সুরে,
মুষলধারে ওই সুদূরে।
বৃষ্টি ঝরে গায়ের মাঠে,
বৃষ্টি ঝরে রাস্তা-ঘাটে।
ফোঁটায় পড়ে নদীর কূলে,
বাগানভরা রঙিন ফুলে।
বৃষ্টি ঝরে পুকুরজলে,
বৃষ্টি ঝরে নেবুর তলে।
রিনিঝিনি বৃষ্টিধারা,
ঝাপসা চোখে দৃষ্টিহারা।



