ছড়া নিয়ে ছড়া

 

ছড়া মানে

আমিনুল ইসলাম মামুন

কাব্যের নূপুরটা পরা আছে
ছড়ারই পায়।
ঝুমঝুম ছন্দে
মনের আনন্দে
নেচে নেচে আয় সবে,
তার কাছে আয়।
কাব্যের নূপুরটা পরা আছে
ছড়ারই পায়।
ছড়া ওড়ে ডানা মেলে আকাশে
হাওয়ার ঝাপটা নিয়ে,
ঢেউ খেলা পথ দিয়ে।
মনপুরে নামে ছড়া,
স্নিগ্ধতা মাখা যে।
ছড়ার গায়ে ঐ দেখ,
কত ছবি আঁকা যে।
ছড়া মানে বাগানের ফুল,
ছড়া মানে ঝুনঝুনি,
কিংবা তা হারমুনি,
কিংবা তা শিশুদের
কানে পরা দুল।
মাঝে মাঝে ফুটায় তা
কারো গায়ে হুল।

ছড়া

উৎপলকান্তি বড়ুয়া

মিষ্টি আমি মিষ্টিরে! তুই-
টক তো ভারী তেঁতুল,
আচ্ছারে বল স্বাদ নিয়ে তোর
জন্যে করে কে তুল?

গরম ডেকে ঠান্ডাকে কয়
চরম তোমার রূপ তো!
পৌষ আর মাঘ ছাড়া কোথায়
দশ মাসে রও সুপ্ত?

বৃষ্টি বলে, তুফান রে তোর
সময়েই তো আসিস,
যা করবি কর দুখীদেরও
একটু ভালোবাসিস!

আকাশ বলে, উঁচুতে রই
পাতালরে তুই তলায়,
কী করে তোর সঙ্গে রাখি
ভাবটা গলায় গলায়?

অসীম সাগর অটল পাহাড়
মন থেকে না সরাই,
সাগর পাহাড় তাদের বুঝি
নেই রে অহং-বড়াই!

শেয়ার করুন:

2 thoughts on “ছড়া নিয়ে ছড়া”

  1. কালের সাঁকো
    সুজন দাশ

    কালের সাঁকো গড়ুক সাঁকো
    লেখক পাঠক দু’য়ের মাঝে,
    পড়ে জাগুক মন ও হৃদয়
    পড়ুক ছায়া চিন্তা কাজে।

    সবার মাঝে দিক ছড়িয়ে
    সাম্য রুচি জ্ঞানের আলো,
    শুভবোধের বইবে হাওয়া
    হটবে দূরে আঁধার কালো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও লেখা:

Scroll to Top