নেবে?
রেজা করিম
তোমাকে একটা তারায় ভরা আকাশ দেবো, নেবে?
জোনাকির মতো নিভু নিভু করা অজস্র অগণিত তারা,
কোনোটা জ্বলে, কোনোটা নেভে, কোনোটা হয়তো—
হয়তো খসে পড়ে, হয়তো ছুটে যায় হারানোর বেদনায়।
তোমাকে একটা জোনাকির ঝোঁপ দেবো, নেবে?
ঘন অন্ধকারের ভেতর হারানো প্রেম, ভালোবাসা,
হারানো জন; ওরা খুঁজে ফেরে প্রতি ক্ষণ, প্রতিদিন।
মনে হয় যেন আঁধারের মাঝে সুসজ্জিত বিয়েবাড়ি।
তোমাকে একটা জোছনাভরা রাতে দেবো, নেবে?
দুধসাদা জোছনায় ভেসে যায় সব, ভেসে যায় প্রান্তর।
আকাশের বুকে হেলান দিয়ে ভ্রমণকারী চাঁদরানী
একচেটিয়া রাজত্বের পসরা সাজায় ছাতিমের ঘ্রাণে।
তোমাকে একটা বৃষ্টিমুখর সন্ধ্যা দেবো, নেবে?
গোধূলির পরে আলো-ছায়া খেলা শেষে,
যখন আঁধারের হাতছানি,
যতই গভীরতা বাড়ে, নীরবতা বাড়ে তার বহুগুণ।
বৃষ্টির ছাঁটে সন্ধ্যার মায়াবী মুখ লাজে টুকটুক, লাল।
প্রথম স্পর্শের মতোই কেঁপে ওঠে ঠোঁট, যেন বেসামাল।
অতঃপর, আমাকে দেবো, নেবে?



