কেবল হাত পাল্টেছে

কেবল হাত পাল্টেছে

মান্নান নূর

 

কেবল হাত পাল্টেছে।
দশটি আঙুল তোমার দশটা আঙুলে,
মুষ্টিবদ্ধ যুগল বেঁধেছিলাম— তারপর
এ প্রাণ তোমার প্রাণে, এ চোখ তোমার চোখে,
এ উষ্ণ চুম্বন তোমার চুম্বনে, কাটত বহুদিন।

ইলিশেরা মৌসুমি— নাগরদোলা কিংবা পহেলা বৈশাখ,
আরো কিছু ফল-মানুষ মৌসুমি হয় কি করে?

কেবল হাত পাল্টেছে—
পাল্টেছে ঘর, জানালা, শোবার খাট, বিছানা-বালিশ,
তোমার পদস্পর্শ-মাখা এ বাড়ির মাটি,
এ বাড়ির হাজার সূর্যোদয়;
তোমার কোল পাল্টেনি— পাল্টেছে কোলে রাখা মাথা।

তুমি একটুও পাল্টাওনি,
পাল্টেছে তোমার জীবনে আসা মানুষটা।
যে নতুন এসেছে তাকেও ভালোবাসো, পাশে বসো,
খাওয়াও একই আদরে; একই বিছানায় শুয়ে
খোশগল্প করো, রাত কাটাও,
সকালে সহাস্যে তার বুকে মাথা রেখে সূর্যোদয় দেখো।

কেবল তোমার এ হাতটাই, এ ঠোঁটের স্পর্শটাই,
এ মুখের স্মিত হাসিটাই, এ কোলটাই,
এ চোখের মায়াময় দৃষ্টিটাই তো
আজ উর্বরতা দিচ্ছে ভিন্ন এক মানুষকে।
আমাকে বদলে ফেলে কেবল তুমিই— একটুও পাল্টাওনি,
দিব্যি ঘুমোচ্ছ কোনো এক পুরুষের বুকে।

শেয়ার করুন:

এই বিভাগের আরও লেখা:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top