মাসের শেষ
শাঁওলী সরকার
মিলি ছোটোবেলায় দেখতো, মায়ের পূজোর আসনে মা লক্ষ্মীর পাশে একটা মাটির হাঁড়িতে রোজ একমুঠো করে চাল জমিয়ে রাখতে। আরেকটি মাটির খুঁড়িতে যখন যা টাকা-পয়সা হাতে পেতেন, তাতে জমিয়ে রাখতেন।
মিলি একদিন তার মায়ের কাছে জানতে চাইলে তিনি বললেন, “এটা সংসারের কাজেই জমিয়ে রাখছি মা লক্ষ্মীর কাছে। বলতে পারিস, মায়ের কাছে গচ্ছিত রাখছি। এই গচ্ছিত ধন সংসারের বিপদের দিনে কাজে লাগবে। আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তোর বিয়ে হলে তখন মনে হলে তুইও করিস। এতে লোকসান কিছুই হয় না। দরকার পড়লে দেখবি ঠিক কাজে লাগবে।”
মিলি লক্ষ্য করতো, কোনো মাসের শেষে কোনোদিন বাবার হাত টানাটানি পড়লে বাবার হাতে মা তার লক্ষ্মীর ভাণ্ডার থেকে গচ্ছিত অর্থ তুলে দিতেন। চাল বাড়ন্ত হলে কাউকে বুঝতেও দিতেন না। ভাণ্ডার থেকে সেই অভাব মিটে যেতো।
মিলি নিজের পছন্দে যখন অল্প আয়ে সংসার পাতলো, তখন নিজেও তার মায়ের মতো লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করলো।
দুজনের অল্প আয়ের সংসারে গোটা মাস চালানো মাঝে মাঝেই অসম্ভব হয়ে পড়তো। কিন্তু, স্বামীকে বুঝতে দিতো না। বুঝতে না দিলেও একমাসে মিলির স্বামী কেমন করে যেন টের পেয়ে গেল। কারণ, তার পকেটে সেদিন কোনো টাকা ছিল না। মনে আশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল আজ টিউশনি বাড়ি থেকে বেতন পাবে। কিন্তু, আজ আশাহত হয়ে বাজারের সামনে আসার সময় প্যান্টের পকেটে হাত দিতেই খুচরো টাকা হাতে উঠে এল। সে অবাক হয়ে গেল আর ভাবতে লাগলো, এ টাকা কোথা থেকে এলো?
বাড়ি ফিরেই মিলিকে বলতেই মিলি মুচকি হাসতে লাগলো। জোড়াজুড়ি করতেই সবটা খুলে বললো সে। কষ্টের মধ্যেও একমুঠো আনন্দ বয়ে গেলো তাদের সংসারে।



