গ্রহের নাম EX-2099

গ্রহের নাম EX-2099

জনি সিদ্দিক

 

গ্রামের রাত। চারদিকে শুনশান নীরবতা। সময় রাত ২টা বেজে ৯ মিনিট। ২০২৬ সালের কোনো একটি রাত। হঠাৎই আব্দুল্লাহর ঘুম ভেঙে গেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। বিদ্যুতের লোডশেডিং চলছে। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার দোয়াটি পড়ে ফেলল খুব দ্রুত। “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু, লাহুল মুলকু, ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বদীর।” তারপর টর্চটা হাতে নিয়ে কোনোমতে দরজা খুলে টয়লেটের দিকে গেল। টয়লেটটা ঘরগুলো ছাড়িয়ে বাড়ির এক পাশে। বাড়ির তিন পাশে খোলা মাঠ। আব্দুল্লাহ কাজ সেরে ঘরে ফেরার সময় পাশের খোলা মাঠের আকাশের দিকে চোখ পড়তেই থমকে দাঁড়াল। ওর সামনে থেকে প্রায় ৮ বা ১০ গজ দূরত্বে আকাশ থেকে হ্যালির ধূমকেতুর মতো ঝাড়ুসদৃশ অদ্ভুত এক বস্তু নিঃশব্দে নেমে এল মাটির খুব কাছে। সামান্য আলোর ঝলক দেখা গেল। প্রচণ্ড গতি, অথচ কোনো শব্দ নেই! কৌতূহল সামলাতে না পেরে আব্দুল্লাহ হাতের টর্চটা সেদিকে তাক করল। যা দেখল, তাতে তার চক্ষু চড়কগাছ! জীবনের প্রথম সে কোনো ভিনগ্রহের মহাকাশযান বা স্পেসশিপ দেখল। কিন্তু পরক্ষণেই এক তীব্র আলোর ঝটকায় আব্দুল্লাহর শরীর নিস্তেজ হয়ে এল এবং মাটিতে লুটিয়ে পড়ল। স্পেসশিপ থেকে দুটি রঙিন তির্যক আলো প্রজেক্টরের রশ্মির মতো নেমে এসে ওকে ভেতরে তুলে নিল।

রাতের অন্ধকারে টর্চ হাতে আব্দুল্লাহ

যখন আব্দুল্লাহর জ্ঞান ফিরল, নিজেকে এক অদ্ভুত কামরায় আবিষ্কার করল। রুমের দেয়ালগুলো যেন স্বচ্ছ সিসার তৈরি, যার ওপাশে মহাকাশের বিশালতা আর ধেয়ে আসতে থাকা উল্কাপিণ্ডগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আব্দুল্লাহ বেশ ভয় পেলেও মনে সাহস সঞ্চার করল। ভাবল, “আমি কি স্বপ্ন দেখছি?” নিজের গায়ে চিমটি কেটে নিশ্চিত হলো যে, ও জেগে আছে এবং বাস্তবেই কোনো এক মহাকাশযানে ভ্রমণ করছে। ওর আবছা মনে পড়ল, টয়লেট থেকে ফেরার সময় সেই রহস্যময় যানটির কথা। ভিনগ্রহের মহাকাশযানের কথা ভাবতেই মনে মনে বেশ পুলকিত হয়। পৃথিবীতে ফিরেই বন্ধুদের বেশ অবিশ্বাস্য জমজমাট গল্প শোনানো যাবে।

মহাকাশ ভ্রমণের এই উত্তেজনার মাঝে হঠাৎ আব্দুল্লাহর খুব ক্ষুধা পেল। আশ্চর্যের বিষয়, ওর মনের ইচ্ছা বুঝতে পেরেই রুমের স্বয়ংক্রিয় দরজাটি খুলে গেল। দুটি রঙিন রশ্মি তার সামনে পরিচিত কিছু ফলমূল রেখে গেল। আপেল, কমলা, পেয়ারা, আঙুর আর কিছু পাউরুটি। ফলগুলো দেখতে পৃথিবীর মতো হলেও প্রথম কামড় দিয়েই আব্দুল্লাহ অবাক হয়ে গেল। এ যেন এক স্বর্গীয় স্বাদ! পাউরুটিটি ছিল অস্বাভাবিক সুস্বাদু। আব্দুল্লাহর মনে পড়ে গেল পবিত্র কুরআনের সূরা বাকারার ২৫ নম্বর আয়াতের কথা, যেখানে জান্নাতের ফলমূলের বর্ণনা দিতে গিয়ে মহান আল্লাহ বলেছেন যে, “জান্নাতিরা ফল দেখে বলবে, এগুলো তো আমরা পৃথিবীতেও খেয়েছি।” আর এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসীরে পড়েছিল—”কিন্তু এর স্বাদ হবে সম্পূর্ণ অপরিচিত ও অকল্পনীয়।” আব্দুল্লাহর মনে সংশয় জাগল—”সে কি তবে বেহেশতে চলে এসেছে?” এমন সময় অদ্ভুত আকৃতির দুজন প্রাণী কামরায় প্রবেশ করল। তাদের চোখ ছোট, নাক চ্যাপ্টা এবং অবয়ব মানুষের চেয়ে ভিন্ন। তারা নিজেদের ভাষায় কিছু বললেও আব্দুল্লাহ কিছুই বুঝতে পারছিল না। তখন প্রাণী দুজন আব্দুল্লাহর কপালে একটি রঙিন রশ্মি স্পর্শ করাল। মুহূর্তেই আব্দুল্লাহর মস্তিষ্কে এক ঝাঁকুনি দিয়ে বিশেষ তরঙ্গ প্রবাহিত হলো এবং সে অলৌকিকভাবে তাদের ভাষা বুঝতে সক্ষম হলো। একজন তাকে বিনীতভাবে সালাম দিল। আব্দুল্লাহও সালামের জবাব দিয়ে তাদের সঙ্গে আলাপে মগ্ন হলো।

জানতে পারল, তাদের গ্রহের নাম “EX-2099″। আব্দুল্লাহ এই নামের অর্থ জানতে চাইলে তারা ব্যাখ্যা করল, “আমাদের প্রযুক্তি তোমাদের কল্পনাতীত। আমরা প্রায় সকল কাজই এই রঙিন আলোকরশ্মির সাহায্যে করি। আমরা এমনকি মহাকাশযুদ্ধের জন্য অত্যাধুনিক অস্ত্রও তৈরি করেছি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমাদের এই গ্রহটি ২০৯৯ সালে এক মহাজাগতিক বিস্ফোরণে ধ্বংস হয়ে যাবে। সেই আসন্ন ধ্বংসের তারিখটিকেই আমরা আমাদের গ্রহের নাম হিসেবে গ্রহণ করেছি।”

তারা আরও যোগ করল, “আমরা নিশ্চিত ধ্বংসের কথা জেনেও হাত গুটিয়ে বসে থাকিনি, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে চলেছি। আমরা মহাজাগতিক আইনের মাধ্যমে মহান আল্লাহর হুকুম মেনে চলি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের এই উন্নত প্রযুক্তি আমরা পৃথিবীর মুসলমানদের মধ্য থেকে একশ এক জন মেধাবীকে দিয়ে যাব, যাতে তারা নিজেদের রক্ষা করতে পারে এবং ইসলামের শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। দীর্ঘদিন নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে আমাদের গবেষণায় আমরা তোমাকেসহ আরও একশ জনকে সিলেক্ট করেছি। প্রত্যেকেই আলাদা আলাদা একটি রুমে রয়েছে। সময়মতো সবাইকেই প্রশিক্ষণ দেওয়া হবে। তবে আশ্চর্যজনক বিষয় হলো, তোমরা সময়ের পরিক্রমায় সবাই একসময়ে একত্রিত হবে। তুমি একজন আদর্শবান তরুণ ও মেধাবী ছাত্র। ভবিষ্যতে তুমি এবং বাকি একশ জন এই পৃথিবীর সেরা বিজ্ঞানী হবে, ইনশাআল্লাহ। দাজ্জালের অনুসারী শয়তানি শক্তির হাত থেকে মুসলিম বিশ্বকে তুমি এক কাতারে নিরাপত্তার চাদরে রাখার ব্যবস্থা করবে। আমরা তোমাকে সেই জ্ঞান শিখিয়ে দিয়ে যাব। তোমার পৃথিবীর সময়ের মাত্র দুই দিন আমরা নেব সব শিখিয়ে দিতে, অথচ পৃথিবীতে কেউ তোমার অনুপস্থিতি টেরই পাবে না।”

শুরু হলো আব্দুল্লাহর নিবিড় প্রশিক্ষণ। দীর্ঘ দুই দিন পর যখন সব কাজ শেষ হলো, তখন বিদায়ের ঘণ্টা বাজল। দুই দিন খুবই অল্প সময় পৃথিবীর সময়ে। কিন্তু তাদের বিশেষ প্রযুক্তির সাহায্যে অনেক কিছু জানতে পারল আব্দুল্লাহ। পাশাপাশি জরুরি তথ্যগুলো ডকুমেন্ট আকারেও নিয়ে নিল। ভিনগ্রহী সেই উন্নত সত্তাগুলো অশ্রুসিক্ত নয়নে আব্দুল্লাহকে বিদায় জানাল। আব্দুল্লাহ আবার পৃথিবীতে ফিরে এল, কিন্তু তার সঙ্গে রইল মহাকাশের সেই অমূল্য জ্ঞান।

আজ ২০৯৯ সালের ৩১শে ডিসেম্বর। পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী যখন রাত বারোটা বাজতে আর মাত্র দশ মিনিট বাকি, মক্কাতুল মুকাররমার কাবা ঘরের পাশে বসে আছে একশ এক জন দুনিয়াসেরা বিজ্ঞানী। সবার দৃষ্টি আকাশের দিকে। আব্দুল্লাহ দীর্ঘশ্বাস ফেলে ভাবল—আর কয়েক মিনিট পরেই হয়তো মহাকাশের বুক থেকে চিরতরে বিদায় নেবে “EX-2099” নামক বিস্ময়কর গ্রহ এবং তার সেই বন্ধুসুলভ উদ্ভাবক দল।

শেয়ার করুন:

এই বিভাগের আরও লেখা:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top