রাফির মোবাইল আসক্তি
শ্যামল বণিক অঞ্জন
— রাফি! এই রাফি! কিরে, পড়তে বসিসনি?
রান্নাঘর থেকে মা অনবরত ডেকে যাচ্ছেন রাফিকে, কিন্তু কোনো সাড়া-শব্দ পাচ্ছেন না। শেষমেশ রাগান্বিত হয়ে মা ছুটে এসে দেখেন, পড়ার টেবিলে বইয়ের মধ্যে মাথা রেখে রাফি ঘুমাচ্ছে!
মা কাছে এসে রাফির কানটা ধরে চেঁচিয়ে বলে উঠলেন,
— কী ব্যাপার! এই সন্ধ্যাবেলা পড়া রেখে তুই ঘুমাচ্ছিস কেন?
রাফি কিছুটা ভয় পেয়ে বলল,
— একটু ঘুম-ঘুম লাগছিল, মা!
মা বললেন,
— তা তো লাগবেই। রাত জেগে যখন মোবাইল নিয়ে পড়ে থাকিস, তখন তো চোখে ঘুম আসবে না! লেখাপড়া তো সিকেয় তুলেছিস এই মোবাইলের নেশায় পড়ে!
কিছুদিন যাবৎ আসলেই রাফির জীবনযাপনটা কেমন যেন এলোমেলো হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠতে চায় না। ঠিকমতো স্কুলে, প্রাইভেটেও যেতে চায় না। যখন-তখন ঘুমিয়ে যায়। সব সময় শুধু মোবাইল আর মোবাইল হাতে।
ছেলের এমন কর্মকাণ্ডে মা ভীষণ বিরক্ত। মাঝে-মধ্যেই রাগারাগি করেন। ছেলেকে বকাঝকা করে বলেন,
— মোবাইলই তোকে ধ্বংস করে দিয়েছে। একদিন আছাড় দিয়ে আমি মোবাইলটা ভেঙে ফেলব, দেখিস।
রাফির বাবা আদনান আহাম্মেদ একজন ব্যাংকার। ভদ্রলোক খুবই অমায়িক ও বিনয়ী স্বভাবের মানুষ।
নিজ সন্তানের মোবাইল-আসক্তিতে বাবাও খুব উদ্বিগ্ন। এই তো সেদিন রাফির প্রাইভেট টিচার ফোনে আদনান সাহেবকে বলছিলেন, — রাফি কিন্তু দিন দিন লেখাপড়ায় পিছিয়ে পড়ছে। হোমওয়ার্কগুলো ঠিকঠাক করে আনে না, পড়াও ঠিকমতো শিখে না। একটু লক্ষ্য রাখবেন ওর দিকে।
আদনান সাহেব বাসায় ফিরে ফ্রেশ হয়ে সোফায় এসে বসলেন। গিন্নি চা-নাস্তা নিয়ে হাজির হলেন। চায়ের কাপ হাতে নিয়ে চা-নাস্তা খেতে খেতে গিন্নিকে বললেন, — রাফি কী করছে? রাফির টিচার তো আজকে ফোন দিয়েছিলেন।
মা বললেন,
— জানি তো, কী বলবেন।
বাবা বললেন,
— হ্যাঁ, ওই তো এগুলোই বললেন। ঠিকমতো পড়াশোনা করছে না, হোমওয়ার্ক করে না, পড়াও শিখে না। ছেলেটার দিকে একটু খেয়াল করো ভালো করে।
মা কিছুটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন,
— কী যে করব, কিছু ভেবে পাচ্ছি না। মোবাইলটা যেন হাত থেকে কিছুতেই নামাতে চায় না। যখনই দেখি, শুধু মোবাইল আর মোবাইল। ঠিকমতো গোসলটাও এখন করতে চায় না!
বাবা রাফির মাকে সান্ত্বনা দিয়ে বললেন,
— এত হতাশ হলে চলবে না। একটা উপায় তো খুঁজে বের করতেই হবে। দেখি, এই বছরটা শেষ হোক। তারপর অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে।
মা বললেন,
— তাই ভাবো। না হলে আর চলবে না। এভাবে এ বয়সে লেখাপড়ায় অমনোযোগী হয়ে গেলে, একবার পিছিয়ে গেলে আর লাইনে আনা যাবে না।
বাবা বললেন,
— হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। দেখি, কী করা যায়। সে পর্যন্ত তুমি ওকে সব সময় টেক কেয়ারে রাখো।
আসলে বর্তমান প্রজন্মের বাচ্চাদের এই মোবাইল-আসক্তির জন্য আমরা, মানে আমরা গার্ডিয়ান বা বড়রাই দায়ী। শিশুকালে সন্তানদের সব কাজেই আমরা অতিমাত্রায় মোবাইল-নির্ভর হই। শিশুকে খাওয়াতে, ঘুম পাড়াতে কিংবা তাকে শান্ত রাখতে আমরা হাতে মোবাইল তুলে দিই। এটা যে কত বড় ক্ষতির কারণ, সে বিষয়টা আমরা অনেকেই হয়তো ভাবি না।
মা বললেন,
— হুম, আসলেই তুমি ঠিকই বলেছ। এই মোবাইল দেখিয়ে বাচ্চাকে খাওয়ানো, ঘুম পাড়ানো, মোবাইল দিয়ে আহ্লাদ দেখিয়ে আমরা নিজেরাই নিজের বিপদ ডেকে আনছি। যার খেসারত হয়তো আজ আমাদের দিতে হচ্ছে। জানি না, কপালে কী আছে।
বাবা বললেন,
— এত অধৈর্য বা বিচলিত হওয়ার মতো কিছু এখনো হয়নি, সীমা। তুমি ভালো করে ওর টেক কেয়ার করো, ভালো করে নজর দাও ছেলের দিকে। তাহলেই সব ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে। ওর কাছে যাও, গিয়ে দেখো সব পড়া, হোমওয়ার্ক ঠিকঠাক মতো করেছে কি না। একটা রুটিনের মধ্যে নিয়ে আসো।
মা বললেন,
— হ্যাঁ, তাই করতে হবে।
বলে উঠে তিনি রাফির পড়ার ঘরে চলে গেলেন।



