আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ

আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ

আবুল কালাম আজাদ

 

মিথ্যা না বলে রিয়ার উপায় ছিল না। সত্য বললে রায়হান মনে খুব কষ্ট পাবে। রিয়া রায়হানকে কষ্ট দিতে চায় না।

এই কোচিং-এ ভর্তি হওয়ার পর থেকেই রিয়া বুঝতে পারে, রায়হান তার প্রতি দুর্বল। চোরা চাহনিতে রিয়ার দিকে তাকিয়ে থাকে। রিয়ার খাতা দেখাতে গেলে অথবা কোনো কিছু জিজ্ঞেস করলে রায়হান কেমন নার্ভাস হয়ে যায়। সে যেন রিয়াকে কিছু বলতে চায়, কিন্তু বলতে পারে না।

রায়হান সুশিক্ষিত, সুদর্শন ও ভদ্র একজন মানুষ। সদ্য বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে একটা কলেজে ইংরেজি বিভাগের লেকচারার হিসেবে যোগ দিয়েছে। তরুণ শিক্ষক। বিকেলে এই কোচিং সেন্টারে ক্লাস নেয়। এতে বাড়তি উপার্জন হয়। রায়হানকে অপছন্দ করার কিছু নেই। এই কোচিং-এর কোনো কোনো মেয়ে তাকে নিয়ে ভাবে। শিক্ষক বলে ভাবনাটা প্রকাশ করতে সাহস পায় না। আর রায়হান ভাবে রিয়াকে নিয়ে। তার ভাবনাটাও সে প্রকাশ করতে পারছে না।

রিয়া ব্যাপারটা ধরতে পারে। মেয়েরা পুরুষের মনের খবর বেশি বুঝতে পারে। কিন্তু বুঝেও রিয়া না-বোঝার ভান ধরে আছে। কারণ, সে আগেই পণ করে বসে আছে যে, প্রেম করে বিয়ে করবে না। বাবা-মায়ের পছন্দেই সে বিয়ে করবে। বাবা-মায়ের পছন্দের একটা পাত্রই আগামীকাল রিয়াকে দেখতে আসছে। রিয়ার মতো সুন্দরী খুব কমই হয়। কথা-বার্তা, আচার-আচরণেও রিয়া অসাধারণ। সবাই মুগ্ধ হয়। পাত্রপক্ষের রিয়াকে পছন্দ হবে, এটা স্বাভাবিক। পছন্দ হলে হয়তো সহসা আর কোচিং-এ আসা হবে না। তাই রিয়া রায়হান স্যারকে এ ব্যাপারে মিথ্যা করে কিছু বলে যেতে চায়।

রায়হান রুমে একাই ছিল। সেই সুযোগে রিয়া সেখানে গেল।

বলল, —স্যার, একটা কথা বলতে এসেছি।

—কী কথা, বলো?

—স্যার, আমি কয়েকদিন কোচিং-এ আসতে পারব না।

রিয়া ভেবেছিল, এ কথা শুনে রায়হান চমকে উঠবে। কারণ, ক্লাসে রিয়ার অনুপস্থিতি তার জন্য নিরানন্দের। কিন্তু না। সেরকম কিছু হলো না। রায়হানের মুখে মিটিমিটি হাসি ফুটে উঠল।

বলল, —আসতে পারবে না কেন?

—একটু সমস্যা আছে।

—পাত্রপক্ষ দেখতে আসবে, সে তো একদিনের ব্যাপার। কয়েকদিন ক্লাসে না আসার কারণ কী?

এ কথা শুনে রিয়া ভীষণভাবে চমকে উঠল। তার মুখ রক্তিম হলো। কী ভয়ানক মানুষ এই রায়হান স্যার! এমন নির্ভুল অনুমান কেমন করে করেন!

রিয়া বলল, —কী যে বলেন, স্যার! সেরকম কিছু না। বাবা-মায়ের সঙ্গে বেড়াতে যাব নানুবাড়ি।

—শোন, পাত্রপক্ষ তোমাকে পছন্দ করে ফেলবে।

—ওহ, স্যার…! বললাম তো, সেরকম কিছু না।

—হুম, আই অ্যাম শিওর, তারা তোমাকে পছন্দ করে ফেলবে। তোমাকে অপছন্দ করার কিছু নেই। বিয়ে হয়ে গেলেও অনার্সটা শেষ করতে হবে। তারপর মাস্টার্সও করতে হবে। চাকরি-বাকরি করো বা না করো, সেটা তোমার ইচ্ছা।

—স্যার, বলছি তো, সেরকম কিছু না। আমি বেড়াতে যাচ্ছি।

রিয়া চিৎকার করে উঠল।

রায়হান বলল, —নেপোলিয়ন বলেছিলেন, "Give me an educated mother, I will give you an educated nation." শিক্ষিত মায়ের মূল্য অনেক বেশি।

—স্যার, আমি আর আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছি না। আমি চলে গেলাম।

রিয়া ছুটে বেরিয়ে গেল। ক্লাসে এসে সে ভীষণ অস্থির। সে যা ভেবেছিল, তা ভুল। পাত্রপক্ষ তাকে দেখতে আসবে, তার বিয়ে হবে—এসব বিষয় রায়হান স্যারের কাছে দুঃসংবাদ হওয়ার কথা। এতে তার ভেঙে পড়ার কথা। অথচ তার মুখে মিটিমিটি হাসি। কত সহজভাবে কথা বললেন! আবার টিচার হিসেবে স্বাভাবিক উপদেশও কপচালেন। তার মানে, তিনি রিয়ার প্রতি মোটেও দুর্বল নন। এত দিন রিয়া ভুল ধারণা করে এসেছে। এটা ভেবে রিয়া নিজের কাছে লজ্জিতও হলো—ছি! আমি এত দিন কী সব ভাবছি।

বান্ধবীরা এসে বলল, —কিরে, তোকে এমন দেখাচ্ছে কেন? কী হয়েছে? সমস্যা কোনো? কোথায় গিয়েছিলি?

রিয়ার উত্তর, —কোনো সমস্যা নেই। আমার কিচ্ছু হয়নি। আমি কয়েকদিন ক্লাসে আসব না। একটু বেড়াতে যাব।

—পাত্রপক্ষ দেখতে আসবে না তো?

—ধ্যাত্তেরি! বাজে বকিস না। ভাল্লাগে না এসব।

হঠাৎ নিস্তব্ধতা ভেঙে তার দিকে একটা প্রশ্ন ছুটে এল, —আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়তে গেলেন কেন? এখানকার সিলেবাস মুখস্থনির্ভর। পাস করা খুব কঠিন। ফার্স্ট ক্লাস তো আসেই না।

কণ্ঠটা পরিচিত লাগল। রিয়া চমকে ঝট করে মাথা তুলে তাকাল। দেখে তার মুখোমুখি রায়হান স্যার বসে, মুখে সেই মিটিমিটি হাসি। কী আশ্চর্য এক মানুষ!

রিয়া বলল,

—আমার মুখস্থক্ষমতা ভালো। মুখস্থে আমার অসুবিধা নেই।

—তাহলে একটা কবিতা বলেন তো।

—Twinkle, twinkle, little star,
How I wonder what you are!
Up above the world so high,
Like a diamond in the sky.

—আরেকটা বলেন তো।

—Johnny, Johnny.
Yes, Papa.
Eating sugar?
No, Papa.
Telling lies?
No, Papa.
Open your mouth.
Ha-ha-ha!

ঘরের সবাই একযোগে উচ্চকণ্ঠে হেসে উঠল।

আর দশটা নববধূর মতোই রিয়া বাসরঘরে বসেছিল। এই বসে থাকার সময়টাতে তারা শুধু স্বামীর জন্য অপেক্ষা করে, নাকি আরও অনেক কিছু ভাবে, সেটা তারাই ভালো বলতে পারবে।

কিছুক্ষণ পর রায়হান এল। সে রিয়ার দিকে তাকালও না। সোজা নিজের লেখাপড়ার টেবিলে গেল। গিয়ে একটা নোটবুক খুলে কী যেন লিখতে লাগল। রিয়া তাতে অবাক হলো না। মানুষটা একটু অদ্ভুত টাইপের।

প্রায় ২০/২৫ মিনিট পর রায়হান নোটবুক বন্ধ করল। তখন রিয়া জিজ্ঞেস করল, —কী লিখলেন, মাস্টারমশাই?

—একটা কবিতা লিখলাম।

—শুনতে পারি?

—অবশ্যই।

—তাহলে শোনান।

—আতাগাছে তোতাপাখি,
ডালিমগাছে মৌ,
এত ডাকি, তবু কথা
কও না কেন, বউ।

—এইটুকু কবিতা লিখতে এত সময় লাগল! যোগীন্দ্রনাথ সরকার তো এর চেয়ে অনেক কম সময়ে এটা লিখেছিলেন।

—এটার লেখক যোগীন্দ্রনাথ সরকার? জানতাম না। বউ পেলাম, সঙ্গে তথ্যভান্ডারও পেলাম। এখন আর অত গুগল সার্চ করতে হবে না। আরও কিছু কবিতা লিখেছি। শোনাব?

—অবশ্যই।

—এগুলো কাপলেট কবিতা। সাধারণত দুই লাইনে লেখা হয়। তবে এগুলো কোনো যোগীন্দ্রনাথ বা রবীন্দ্রনাথের লেখা নয়। তারা এত উঁচু মানের কবিতা লিখতে পারবেন না। এগুলো লিখেছেন রায়হান্দ্রনাথ ঠাকুর।

—বুঝলাম। দয়া করে এবার কবিতাগুলো পড়ুন।

১।
হাত বাড়িয়ে হাত দিয়েছি, ধরো আমার ব্যাকুল হাত,
তোমার গহীন উথাল জলে সাঁতার শেখার সাধ।

২।
তুমি ছিলে, তুমি আছ, তুমি থাকবে চিরদিন,
তোমার প্রতি মুগ্ধতা আমার চির অমলিন।

৩।
তোমার গহনে আমি, আমার গহনে তুমি,
আমরা কর্ষণ করছি আমাদের যৌথ প্রেমভূমি!

—বাব্বাহ! প্রেম না করে সরাসরি বিয়েতে চলে গেলেন কেন, কবীন্দ্রনাথ ঠাকুর?

—মাস্টারদের জন্য প্রেম অনেক রকম সমস্যা নিয়ে আসে। দুইটা জিনিস কখনো গোপন থাকে না। একটা হলো প্রেম, আরেকটা হলো… আরেকটা হলো… আরেকটা এখন মনে পড়ছে না।

—হিহিহি।

—তো, কোচিংয়ে প্রেম জানাজানি হলে সবাই নানা কথা বলবে। আবার এই কোচিংয়ে আমার কলেজের অনেক ছেলেমেয়েও আছে। বিষয়টা কলেজে ছড়িয়ে যেতে সময় লাগবে না।

—কিন্তু প্রেমের যে আনন্দ, সেটা তো মিস হয়ে গেল।

—বিয়ের পরেও প্রেম করা যায়।

—বিয়ে মানে দায়িত্ব। এখানে সেই প্রেম আসে না।

—দায়িত্ব পালনের পরও কিছু সময় বাকি থাকবে। সেই সময়ে প্রেম করব।

—কথায় তো যুক্তি আছে। মনে হচ্ছে যুক্তিবিদ্যার মাস্টার। তা, সারারাত ওখানেই দাঁড়িয়ে থাকবেন, নাকি বউয়ের কাছে আসবেন?

রায়হান রিয়ার পাশে গিয়ে বসল। বলল,

—এরকম 'আপনি-আপনি' কত দিন চলবে? 'তুমি' শুনতে চাই।

—মাস্টারদের 'তুমি' বলতে মুখে বাধে।

—মাস্টার ক্লাসে, এখানে না। বলো, 'তুমি'।

—না, বলব না।

—বলবে না?

—না।

—তাহলে একটা গান শোনাও।

—আমি তো গান গাইতে পারি না।

—তাহলে বাসায় হারমোনিয়াম, তবলা, পিয়ানো—ওসব কেন?

—এমনিই।

—বাসরঘরে স্বামীর কাছে মিথ্যা কথা বলা ভালো না।

—কী হয়?

—অনেক কিছু হয়। গান গাও।

রিয়া গাইতে শুরু করল—

"আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরেরও বাঁধনে, তুমি জানো না…"

গানের অন্তর্যামী শেষ হতেই লাইট অফ হয়ে গেল।

রিয়া গান থামিয়ে চিৎকার করে উঠল,

—এই, লাইট অফ করলে কেন? এই…! এই…!

তারপর ঘরে দুজনের হাসির শব্দ। বাইরে নিস্তব্ধতা। অনেক রাত হয়েছে। বিয়েবাড়ির ক্লান্তি নিয়ে সবাই ঘুমিয়ে পড়েছে। জেগে শুধু দুজন।

শেয়ার করুন:

এই বিভাগের আরও লেখা:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top