ওরা ক’জনের গল্প
উৎপলকান্তি বড়ুয়া
ওরা তিনজন। থাকে একসাথে। ওরা ভাই বোন। দুই ভাই এক বোন।
আচ্ছা, ওরা কারা? ওহ্ তাই তো! ওদের পরিচয় করিয়ে দেই। ওরা গ ল প। গ এবং প ভাই। ল বোন। গ এবং প -এর একমাত্র বোন ল।
বড় আদরের বোন। ওরা খেলে একসাথে। বেড়ায় একসাথে। খায় একসাথে। ঘুমায় একসাথে।
থাকে একসাথে। কাউকে ছাড়া কেউ ওরা একা কোথাও যায় না। তিন ভাইবোন একে অপরকে প্রচণ্ড ভালোবাসে।
গ এবং প দুই ভাইয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। দুই ভাইয়ের-ই মাথায় চুল নেই। ওদের টেকো মাথা।
টেকো মাথার গ আর প এর বোন ল তাদের খুব আদরের। চোখের আড়াল হতে দেয় না কোনো মতে।
একদিন একা একা ফুল বাগানে খেলছিল বোন ল! বোশেখ মাস। দিনের গনগনে সূর্য চাপিয়ে,
আকাশ বাতাস কাঁপিয়ে হঠাৎ মেঘ ডেকে উঠলো গুড়ুম গুড়ুম। মেঘে ছেয়ে যায় চারদিক।
বাতাসও যেনো রেগে ওঠে সে সময়! বইতে থাকে প্রচণ্ড বেগে। শুরু হয় ঝড়। ঝড়ের দাপটে ভেঙ্গে পড়ে পাতা, ডাল, শাখা গাছপালা।
একা একা ফুল বাগানে খেলায় মশগুল ল’কে নীল প্রজাপতি বললো -ওহে ল, ঝড় প্রচণ্ড ঝড় যে এলো! আমি পালাই।
তুমিও পালাও। ঘরে যাও। এই বলে নীল প্রজাপতি দুই পাখা মেলে চটজলদি তার ঘরে ফিরে যায়।
প্রজাপতির কথায় এতক্ষণে ল বুঝতে পারে, তাইতো! ঝড় তো বেশি এলো! এবার উপায়! তড়িঘড়ি করে ল খেলনা ফেলে উঠে দেয় দৌঁড়।
আর ঠিক সেই সময়েই ঘটে মহা বিপদ! কেউ কি জানতো এমন বিপদ এখানে ওঁত পেতে অপেক্ষা করছিলো?
ঝড়ের দাপটে উপর থেকে বড় আমগাছের এক ডাল ভেঙ্গে পড়ে ল এর উপর!
বিশাল চিৎকার করে ল লুটিয়ে পড়ে মাটিতে আম গাছের ভাঙ্গা ডালের নিচে।
ব্যাস! সেই দূর্ঘটনায় ল এর এক পা গেলো ভেঙ্গে। সেই থেকে পা খোড়া হয় ল’এর।
হাঁটতে রীতিমত বেশ কষ্ট পোহাতে হয় প্রতিটা সময়।

আর সেই থেকে ল কে হাঁটতে হয় কারোর সাহায্য নিয়ে। হাঁটে অবশ্য প এর কাঁধে ভর করে সবসময়।
গ হাঁটে সামনে আর ল হাঁটে প এর কাঁধে ভর করে পিছু পিছু। সেই থেকেই সকলে ওরা তিনজনকে গল্প নামেই চেনে-ডাকে।
গ আর প বরাবরই খুব শান্ত প্রকৃতির। কারোর সাতেও নেই পাঁচেও নেই। যাকে বলে একেবারে নিরীহ দু’জন।
পাড়ার কিছু দুষ্টুরা মিলে গ এবং প কে প্রায় সময়েই দূর থেকে দাড়িয়ে ,
টেকো মাথা টেকো
মাথা ঢেকে রেখো– বলে বলে ভেংচি কেটে, খোঁচা মারে। ওরা হলো ঙ ণ এবং ধ। গ এবং প শুনেও সেদিকে কর্ণপাত করে না।
নীরব থাকে। কিন্তু প্রিয় ভাই গ আর প’কে কেউ এভাবে বলবে কেন! ল তা সহ্য করে না?
এবার রুখে দাঁড়ায় সে পাড়ার দুষ্টু ঙ ণ এবং ধ বিরুদ্ধে। সাফ সাফ প্রতিবাদের সুরে জবাব দিয়ে দেয়,
তোমরা কি চুলঅলা? তোমরাও টেকো!
নিজ মাথাতেই নিজে হাত দিয়ে দেখো!
কেন শুধু অন্যকে খোঁচা মেরে ঘাঁটো
নিজে টেকো হয়ে কেনো ভেংচি কাটো?
-আরে তাইতো! আমাদের মাথায়ও তো চুল নেই। সেটাই তো মনে ছিল না! লজ্জা পেয়ে যায় ঙ ণ এবং ধ।
সেই থেকে ওরা গ আর প কে ভেংচি কেটে আর লজ্জা দেয় না। ওরাও বেশ ভালো হয়ে যায় তখন থেকে।
গ প আর ল কে দেখলে এখন ভালো করে, সুন্দর করে কথা বলে, কুশল বিনিময় করে। খেলা করে একসাথে।
গানে গলা মিলায় সুর করে। তাদের একটা প্রিয় গান আছে। গ ল আর প এবং ঙ ণ আর ধ একসাথে ইদানিং ওরা ছয়জন একসাথে হলে তাদের প্রিয় গানটি গায় মজা করে-
আমরা ক’জন সুখী, বুকে স্বপ্ন অফুরান
হাত ধরে এক অপরের আজ গাইরে খুশির গান।
ভালোবাসা ছাড়া ওরে কিচ্ছু তো নেই মনা,
একসাথে এক পাড়ায় থাকি আমরা তো ছয়জনা।
একসাথে এক পাড়ায় থাকি আমরা তো ছয়জনা।।


