পৌষের ফুল পাখি

পৌষের ফুল পাখি

এম আব্দুল হালীম বাচ্চু

 

পৌষ মাস এলেই গ্রামবাংলার প্রকৃতি এক আলাদা রঙে সেজে ওঠে। শীতের কুয়াশা, হিমেল হাওয়া আর নরম রোদ মিলেমিশে এক অদ্ভুত মায়া তৈরি করে। সেই মায়ার মাঝেই সকালবেলা মাঠের ধার ঘেঁষে ফোটে শীতের প্রথম ফুলগুলো, যেমন: শিউলি, গাঁদা, চন্দ্রমল্লিকা আর সরিষার সোনালি ফুল। সরিষার ফুলগুলো চিরচেনা প্রান্তরে এবং বিস্তীর্ণ মাঠজুড়ে যেন সোনার বিছানা পেতে রেখেছে। তারা যেন নিজস্ব ভাষায় কথা বলে। রঙে আর গন্ধে তারা জানায়, “শীত এসেছে, আলো এসেছে, উৎসব এসেছে।”

আর পাখিরা? তারা যেন এই ফুলেদেরই সাথি। গ্রামের আকাশে তখন ভেসে বেড়ায় শালিক, দোয়েল, ফিঙে, কোয়েল আর দূর দেশ থেকে আসা কিছু অভিবাসী পাখি, যেমন: কাজল পাখি আর সোনাজঙ্গ পাখি। এই গল্প—সেই ফুল ও পাখিদের মিলেমিশে থাকার গল্প।

সকালবেলা। কুয়াশার ফোঁটা জমে আছে ঘাসের ডগায়। ঠিক তখনই মাঠের ওপর ভেসে এলো দোয়েলের সুরেলা ডাক। সে উড়ে এসে বসল সরিষার ক্ষেতে। চারদিকে সূর্যের আলো ছড়িয়ে পড়তে শুরু করেছে। সরিষার হলুদ ফুলগুলো বাতাসে দুলছে। দোয়েল মনে মনে ভাবল, “আহা, এই সময়টায় মাঠ যেন সোনার গালিচা হয়ে যায়!”

হালকা উত্তরী হাওয়ায় তখন দূর থেকে উড়ে এলো কয়েকটি অভিবাসী কাজল পাখি আর সোনাজঙ্গ পাখি। তারা দীর্ঘপথ পাড়ি দিয়ে এ দেশে আসে কেবল এ দেশের মোলায়েম শীতটা উপভোগ করতে। এসেই তারা অবাক হয়ে দেখল, ফুলেরা যেন তাদের স্বাগত জানাচ্ছে! গাঁদা ফুলের কমলা পাপড়ি রোদের আলোয় ঝিলমিল করছে আর চন্দ্রমল্লিকার গন্ধে ভরে আছে চারদিক।

কাজল পাখি ও সোনাজঙ্গ পাখিরা এ দেশে এসে গাছে বসতেই শালিক কৌতূহলী হয়ে বলল, “তোমরা প্রতিবছর এত দূর থেকে কেন আসো?” একটি কাজল পাখি তখন মৃদু হেসে বলল, “আমাদের দেশ শীতের দেশ। সেখানে প্রচুর বরফ পড়ে; সেখানে ফুল ফুটতে পারে না, খাদ্যও কম! অথচ তোমাদের এখানে দেখো—কত ফুলের রং, গন্ধ, খাবারের প্রাচুর্য; সবই আছে। তাই তো তোমাদের সাথে শীত ভাগাভাগি করতে আমরা আসি।”

ফুলেরা এমন কথায় আরও নরম হয়ে বাতাসের সাথে দুলল। দুলতে দুলতে বলল—“এসো, তোমাদের জন্যই তো আমরা ফুটে আছি।” এদিকে শিউলি ফুলেরা নিজেদের গল্প বলছিল। “আমরা তো ভোরেই ঝরে যাই, কিন্তু কত পাখিকে তো খুশি করি!” দোয়েল ডেকে উঠল—“হ্যাঁ, তোমাদের গন্ধেই তো দিনটা শুরু হয়। যেই তোমরা ঝরো, পথজুড়ে সাদা-কমলা বিছানা হয়ে থাকে—সে সৌন্দর্য কেউ কি ভুলতে পারে?”

হঠাৎ বনের দিক থেকে বাতাস একটু জোরে বইল। শীতের রোদটা লুকোচুরি খেলতে লাগল কুয়াশার সঙ্গে। ফুলেরা একটু কেঁপে উঠল। কিন্তু পাখিরা তখনই দলবেঁধে গাছে গাছে গান ধরল—চিরচির, টুইটুই, কুহু কুহু… তাদের গান শুনে ফুলেরা আবার মাথা তুলে দাঁড়াল।

ফুলের রং আর পাখির গান মিলেমিশে তৈরি হয়ে গেল এক ধরনের শীতের উৎসব বা পৌষের উৎসব, যা মানুষ কেবল দেখে, কিন্তু প্রকৃতি এই সৌন্দর্য নিজে তৈরি করে এবং অনুভব করে আরও গভীরভাবে।

দিনের শেষে সূর্য যখন লাল হয়ে পশ্চিম মাঠের ধারে ঢলে পড়ে, পাখিরা তখন উড়ে চলে যায় নিজ নিজ আশ্রয়ে। ফুলেরাও তখন নরম হয়ে রাতের শীতের জন্য প্রস্তুত হয়। কিন্তু তাদের মনে থাকে একটাই আনন্দ—পরদিন সকালে রোদ উঠলেই আবারও পাখিদের গান শুনতে পাবে।

এভাবেই পৌষ মাসজুড়ে ফুল আর পাখিরা মিলেমিশে যেন প্রকৃতির সবচেয়ে সুন্দর বন্ধুত্বের গল্প রচনা করে, যেখানে রং, গন্ধ আর সুর একসাথে বেঁচে থাকে, যা প্রকৃতিকে করে সুন্দর এবং শিশু-কিশোরদের করে আরও কৌতূহলী।

শেয়ার করুন:

এই বিভাগের আরও লেখা:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top