নামের সাথে কর্মের অমিল
মামুন সরকার
সে অনেক, অনেক দিন আগের কথা। এক পণ্ডিত ব্যক্তি বিয়ে করেছেন অজপাড়াগাঁয়ে। সে সময় এখনকার মতো কোথাও কোনো শহর ছিল না। বর্তমানের মতো শিক্ষার আলোও ঘরে ঘরে পৌঁছায়নি। ফাইভ পাস হলে মেয়েদের আর বাড়িতে রাখা হতো না। সুপাত্র দেখে বিয়ে দিয়ে দিতেন।
পণ্ডিত যে মেয়েটিকে বিয়ে করেছেন, তার নাম হাছিনা বানু। কিন্তু বয়োবৃদ্ধ মুরব্বিরা আদর করে হাছুনি বলে ডাকেন। গ্রাম্য ভাষায় 'হাছুন' অর্থ ঝাড়ু। শব্দজ্ঞানে পণ্ডিতের মনে খুব কষ্ট। যার নামের অর্থ ঝাড়ু, এমন মানুষ তার সহধর্মিণী হতে পারে না। রাস্তাঘাটে চলতে-ফিরতে পরিচয়পর্বে মুরব্বিরা বলেন, "ইনি হইলেন তালেব মাস্টারের মাইয়া হাছুনির জামাই।"
এমন কথায় পণ্ডিত খুব অপমানবোধ করেন। এই অপমানজনক নামের একটা ফয়সালা হওয়া প্রয়োজন। কথাপ্রসঙ্গে তিনি স্ত্রীর কাছে জানতে চান, —হাছুনি, তুমি তোমার নামের অর্থ জানো?
হাছিনা বানুর সহজ-সরল জবাব, —না।
এমন সময় রান্নাঘর থেকে মায়ের হাক আসে, —হাছুনি, হাছুনডা লইয়া আয় তো।
—আইতাছি মা।
জবাব আর যাওয়ার প্রস্তুতিতে পণ্ডিত বাধা দিয়ে বলেন, —তোমার মার কাছে যাওয়ার আগে হাছুন নিয়া আমার কাছে আসবা।
—ঠিক আছে।
হাছিনা বানু সরল মনে ছনের একটা ঝাড়ু হাতে করে পণ্ডিত জামাইয়ের সামনে হাজির হয়। জামাই প্রশ্ন করেন, —তোমার হাতে এটা কী?
হাছিনা বানু সাত-পাঁচ না ভেবে জবাব দেয়, —হাছুন।
—তোমার নাম কী?
এবার বিজ্ঞতার সঙ্গে জবাব দেয়, —হাছিনা বানু।
—তোমার আব্বা-আম্মা, মুরব্বিরা কী নামে ডাকেন?
—হাছুনি।
—তার মানে হলো, তুমি হাছুন। বাড়িঘরের ময়লা-আবর্জনা যা দিয়ে পরিষ্কার করে, তাহাই তুমি।
হাছিনা বানু অল্পশিক্ষিত হলেও পণ্ডিত জামাই যা বোঝাতে চেয়েছে, তা তার কাছে অপমানকর। জামাই শুধু হাছিনা বানুকে অপমান করেনি, বাবা-মা, মুরব্বিদেরও অপমান করেছে। লজ্জায় নীরবে কয়েক ফোঁটা চোখের জল গাল বেয়ে মাটিতে গড়িয়ে পড়ার আগেই আঁচল টেনে মুখ ঢাকে।
পড়ন্ত বিকালে মৃদু মলয়ে পণ্ডিতের কপালে ঘামের শিশির জমে। ক্লান্তিবোধ থেকে একটু বিশ্রাম নিতে এক বৃক্ষতলে বসেন। নামের সঙ্গে কর্মের অমিল তাঁকে বড় বিপাকে ফেলেছে। চোখ মেলে আকাশ দেখেন। শরতের আকাশ। কাশফুলের মতো সাদা মেঘ আকাশের বুকে। কোথাও সাদা, কালো, ধূসর রঙের মেঘ। পশ্চিমে হেলে পড়া সূর্যের ক্ষীণ আলোতে অপরূপ লাগছিল। স্রষ্টার সৃষ্টি বড়ই নিখুঁত, যা মানুষের ধারণার বাইরে। বিশাল শূন্যতাই হলো আকাশ। অথচ আকাশকে কত রঙে আমরা দেখি।
চোখ যায় বিস্তীর্ণ সবুজ মাঠে। লকলকে বেড়ে ওঠা যৌবতী ধানের শীষ বাতাসে দুলছে। পণ্ডিত সৃষ্টির রহস্য নিয়ে যখন চিন্তামগ্ন, তখন এক ভিক্ষুক খোঁড়াতে খোঁড়াতে হাত পেতে বলে—
— দাদু, কিছু পয়সা দিবে? আমি বড় ভূখা। কাজকাম করে খাইতে পারি না।
ভিক্ষুকের করুণ আর্তিতে পণ্ডিতের চিন্তায় ভাটা পড়ে। চোখ তুলে মানুষটিকে একনজর দেখে জানতে চান—
— কী নাম তোমার?
— নাম দিয়া কী হইবে, বাবু? পয়সা থাকলে দুই-চার আনা দে না। পেট জ্বলে-পুড়ে যাচ্ছে।
পকেট থেকে চার আনার একটা কয়েন ভিখারির হাতে দিয়ে আবারও জানতে চান—
— এইবার বলো, কী নাম তোমার?
— ধনেশ্বর, বাবু।
কয়েন হাতে পেয়ে খুশি মনে ভিখারি চলে যায়।
পণ্ডিতের মাথায় আবারও বাজ পড়ল। ধনেশ্বর! যার বিশাল ভূসম্পত্তি এবং ধনদৌলত আছে, তিনিই ধনেশ্বর। যাকে আমরা লাটবাবু বলি। ভাগ্যের কী নির্মম পরিহাস! তিনি ভিক্ষা করেন। নাম আর যাপিত জীবনের কোনো মিল থাকবে না—এটা কেমন জীবন! তাঁর গবেষণা ভুল।
হাছুন থেকে হাছুনি। গ্রামাঞ্চলের ভাষায় যার অর্থ ঝাড়ু। কেউ কেউ হাছুইন বলে। নামের বিকৃতি নয়, প্রীতিতে মুরব্বিরা হাছিনা বানুকে হাছুনি বলে ডাকে। পণ্ডিতের ভুল ভাঙল। নিজ স্ত্রীর নামের অর্থ নিয়ে তিনি যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তা লজ্জাজনক। বড় রকমের ভুল একটা হয়েছে।
খুব ঠান্ডা মাথায় তিনি তাঁর নোটবুকে লিখলেন—
অবিনশ্বর অমর মরিয়া যায়,
নামের অর্থে কী আসে যায়।
লক্ষ্মী কুঁড়ায় খড়কুটা, গায়ের রঙ কালো,
হাত পেতে মানুষের ঘরে,
নামে ধনেশ্বর ভিক্ষা করে।
হাছুনিই আমার প্রেমপ্রিয়া, কর্ম হোক ভালো।



