গ্রামের ছবি
গোবিন্দ মোদক
সাতসকালে বললো যে রঙ—
গ্রামের ছবি আঁকো।
টলটলে জল বইছে নদী,
ছোট্ট বাঁশের সাঁকো!
রঙের কথায় তুলি হাসে—
বেশ তো দিলাম এঁকে।
পেয়ারাতলা, সবেদা বাগান,
ফল গিয়েছে পেকে!
এঁকে দিলাম সে ফল খেতে
আসছে উড়ে পাখি।
ময়না, টিয়া, চড়ুই, দোয়েল
করছে ডাকাডাকি।
এঁকে দিলাম গাঁয়ের পথে
যাচ্ছে কৃষক মাঠে।
মা-কাকিমা ঘড়া নিয়ে
যাচ্ছে স্নানের ঘাটে!
পড়ার ঘরে ছোট্ট খোকন
পড়ছে পড়া স্বরে।
ফুলটি তুলে ঠাকুরমা ঐ
যাচ্ছে পুজোর ঘরে।
টুকুর টুকুর রঙ-তুলিতে
ফুটছে ছবি বেশ।
ভোরের অরুণ খেলছে হোলি,
রঙে তারই রেশ!



