প্রয়োজনে গাছতলায়

প্রয়োজনে গাছতলায়

সাঈদুর রহমান লিটন

 

ভালোবেসে বিয়ে করেছিলাম বৃষ্টিকে। নামের মতোই সে তখন আমার জীবনে টুপটাপ প্রেম ঝরাত। প্রতিদিন বলত, তুমি আমাকে বিয়ে করো। আমার বেশি চাওয়া নাই। বছরে একটা শাড়ি দিলেই হবে।

আমি তখন ভাবি, আহা, এমন মেয়ে এখনকার যুগে পাওয়া যায়? বৃষ্টি আরও বলত, বিয়ের পর গাছতলায় থাকলেও আমার আপত্তি নাই।

আমি গাছতলার কথা শুনে একটু ঘাবড়ে গেলেও প্রেমে অন্ধ ছিলাম। বাবা-মায়ের অমতে শেষমেশ বৃষ্টিকে বিয়ে করেই ফেললাম। শুরুর দিকটা বেশ ভালোই গেল। বৃষ্টি তখন সত্যিই বৃষ্টি ছিল—নরম, ঠান্ডা আর শান্ত। কিন্তু কয়েক মাস পর বুঝলাম, এটা আসলে মৌসুমি বৃষ্টি ছিল। এখন শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। একদিন হঠাৎ বলল, তুমি কি মানুষ? সপ্তাহে একদিনও হোটেলে খাওয়াতে পারো না?

আমি অবাক! এই সেই মেয়ে, যে বলেছিল গাছতলায় থাকবে? এরপর একে একে আবদার আসতে লাগল—শাড়ি, ব্লাউজ, পেটিকোট, ক্রিম, স্নো, মাসকারা, ফেসওয়াশ। ডজন ডজন!

আমি হিসাব কষে দেখি, গাছতলা তো দূরের কথা, এখন তো তাজমহল চায়!

একদিন বৃষ্টি দীর্ঘশ্বাস ফেলে বলল, পাশের বাড়ির ভাবি মাসে মাসে সোনার হার বানায়। আমার জন্য একটা চেইনও বানাও না!

আমি মনে মনে ভাবি, ভাবির স্বামী কি ব্যাংক ডাকাত? আরেকদিন অভিযোগ, এই একতলা বাড়িতে থাকা যায়? গরমে গলে যাই, শীতে জমে যাই! আমি বললাম, তুমি তো বলেছিলে গাছতলায় থাকলেও চলবে। বৃষ্টি রেগে গিয়ে বলল, তখন প্রেমে ছিলাম, এখন বাস্তব!

এখন আমি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করি, আমি কি বৃষ্টিকে বিয়ে করেছি, নাকি আবহাওয়ার পূর্ণ প্যাকেজ সাবস্ক্রাইব করেছি?

গাছতলার স্বপ্ন এখন কংক্রিটের নিচে চাপা পড়েছে। আমার ভয় ভয় হয় এখন বৃষ্টির কাছে যেতে, আবার না জানি নতুন কোনো আবদারের বৃষ্টি নামায়?

শেয়ার করুন:

এই বিভাগের আরও লেখা:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top