চলার পথ
তপন কুমার বৈরাগ্য
যে পড়েছেন রবীন্দ্রনাথ
চলার পথে ধরেন গীতি,
যার বুকেতে কাজী নজরুল
তিনি জানেন মানব প্রীতি।
যার চোখেতে মধু কবি
বাংলার মায়ের প্রাণটা জানে,
সত্যেন্দ্রনাথ দিলেন জাদু
সব মানুষের প্রাণে প্রাণে।
কান্তকবির মধুর ছবি
ঘুচায় মনের সকল জরা,
অতুলপ্রসাদ তোলেন যে নাদ
দেশকে ওরে স্বাধীন করা।
শরৎ বঙ্কিম সাহিত্যতে
যে আলো আজ দিলেন জ্বেলে,
সে সব পড়ে আমরা হলাম
সত্যিকারের দেশের ছেলে।



