তিন বিঘা

তিন বিঘা

ফরিদ আহমদ ফরাজী

চরিত্র: জহির শেখ, বউ রাবেয়া, ছেলে রতন, মজিদ চাচা, কোম্পানির লোক, ইমাম সাহেব, ব্যাংকের পিয়ন

সময়: বর্তমান কাল, স্থান: চরখালী গ্রাম

দৃশ্য ১: জহিরের উঠান, সন্ধ্যা

(জহির আইলে বসে মজিদের নতুন দালানের দিকে তাকিয়ে আছে। রাবেয়া চাল বাছছে।)

রাবেয়া: কী দেখো অমন কইরা?

জহির: মজিদ চাচার দালান দেখি। আমার বাপেও জমি রাইখা গেল, আমিও চাষ করি। তবু টিনের ঘর।

রাবেয়া: টিনের ঘর হইলেও শান্তি আছে। তিন বিঘায় বছর চলে, কী লাগে আর?

জহির: শান্তি ধুইয়া পানি খামু? পোলাডার একটা ফোন নাই।

(রতন দৌড়ে প্রবেশ করে।)

রতন: আব্বা, স্কুলে স্যার কইছে, কাল পিকনিকের টাকা লাগবো-২০০ টাকা।

জহির: (বিরক্ত হয়ে) খালি টাকা আর টাকা। (মজিদের দালান দেখিয়ে) ওই দেখ, জমি বেইচা কেমনে বড়লোক হইছে।

(পর্দা নামে।)

দৃশ্য ২: গ্রামের চায়ের দোকান, দুপুর

(কোম্পানির লোক ট্যাব হাতে দাঁড়ানো। পাশে মজিদ চাচা, ইমাম সাহেব, জহির।)

কোম্পানির লোক: আমরা ড্রাগন ফল করব। আপনার তিন বিঘা ১০ বছরের জন্য দেন। বছরে বিঘা-প্রতি ৫ লাখ। সাইন করলেই ২ লাখ অ্যাডভান্স।

মজিদ চাচা; শুনতে ভালোই।

ইমাম সাহেব: বাবা, কাগজটা ভালো কইরা পড়ছো? ১০ বছর মানে কী? বন্ধক না তো?

কোম্পানির লোক: (তাড়াহুড়া করে) আরে না, চাচা। শুধু লিজ। এই নেন, কলম।

জহির: (লোভে চোখ চকচক) ২ লাখ টাকা! (কাগজ না পড়েই টিপ দেয়।)

ইমাম সাহেব: জহির, ভুল করতাছো…

(জহির শোনে না। টাকা নিয়ে হাসতে হাসতে বেরিয়ে যায়।)

(পর্দা নামে।)

দৃশ্য ৩: ৩ মাস পর, জহিরের ঘর

(ঘরে নতুন মোটরসাইকেল, রাবেয়ার গলায় নতুন চেন। রতনের হাতে দামী ফোন।)

রতন: আব্বা, আমার বন্ধুরা কয়, আমরা এখন বড়লোক

জহির: (বুক ফুলিয়ে) হইতেই হইব। সামনে দালান তুলমু

(দরজায় টোকা। ব্যাংকের পিয়ন নোটিশ হাতে।)

পিয়ন: জহির শেখ? আপনার জমি ২০ লাখ টাকা লোনে বন্ধক। ৩ কিস্তি বাকি। টাকা না দিলে নিলাম।

রাবেয়া: (চেন খুলতে খুলতে) কী কন! লিজ না?

পিয়ন: কাগজে বন্ধক লেখা। কোম্পানি টাকা তুইলা ভাগছে।

(জহির ধপ করে বসে পড়ে। মোটরসাইকেলের দিকে তাকায়।)

(পর্দা নামে।)

দৃশ্য ৪: ১ বছর পর, ধানক্ষেতের আইল, সন্ধ্যা

(জহির ছেঁড়া গামছা কাঁধে, কোদাল হাতে। মজিদ চাচা পাশ দিয়ে হাঁটছে।)

মজিদ চাচা: কিরে জহির, কাম শেষ?

জহির: হ, চাচা। আপনের জমির কাম তো।

মজিদ: (দীর্ঘশ্বাস) নিলামে আমি না নিলে শহরের লোক নিত। ভাবছিলাম তোরে ফেরত দিমু…

জহির: না, চাচা। লোভে আমি তিন বিঘা না, তিন পুরুষের ভাত মারছি। আমার শাস্তি এই।

(রতন আসে, গার্মেন্টসের ব্যাগ কাঁধে।)

রতন: আব্বা, ঢাকা থেইকা আইলাম। চলো, আবার শুরু করি। অন্যের জমি হইলেও খাটতে তো পারি।

জহির: (ছেলের মাথায় হাত রাখে) ধৈর্য ধরলে তিন বিঘাই সোনা থাকত রে, বাপ। লোভে মাটিই হারাইলাম।

(ইমাম সাহেব দূরে আজান দেন। জহির ও রতন মাথা নিচু করে।)

(ধীরে পর্দা নামে।)

শেষ সংলাপ (সবাই মিলে):

“গ্রামের মাটি ধোঁকা দেয় না, লোভই মানুষকে ভিটেছাড়া করে।”

শেয়ার করুন:

এই বিভাগের আরও লেখা:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top