তুলনা-কথা
জাহাঙ্গীর আলম জাহান
কাউকে যখন সিংহপুরুষ,
ডাকছো বাঘের বাচ্চা,
খুশির চোটে নেচে নেচে
সে বলে, ‘বেশ-আচ্ছা’।
তাকেই যদি গরু-ছাগল
কিংবা গাধা ডাকবে,
ঘাড়ে তোমার মাথা—বল,
আস্ত কি সে রাখবে?
কিংবা যদি শৃগাল-বানর,
খাটাস তাকে বলবে,
সে কি তোমায় বন্ধু ভেবে
আদৌ পাশে চলবে?
বরং তোমায় শত্রু বলেই
গণ্য আরও করবে,
সুযোগ পেলে রাস্তাঘাটে
টুটিই চেপে ধরবে।
বাঘ-সিংহ মানুষ তো না,
পশুর জাতিই বটে,
তাদের সাথে তার তুলনা
বিশ্রী আর উদ্ভটে।
কিন্তু মানুষ আজব ভারি,
ওই তুলনায় খুশি,
হায়রে গরু খায় সে তরু,
খেতেও পারে ভূষি!


