অভিশাপ কাজী নজরুল ইসলাম যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে! অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুঁছবে- বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি, সাগর আকাশ বাতাশ চিরি’ যেদিন আমায় খুঁজবে- বুঝবে সেদিন বুঝবে! স্বপন ভেঙ্গে নিশুত রাতে, জাগবে হঠাৎ চমকে’ কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও-বুক ছমকে’- জাগবে হঠাৎ চমকে’! ভাববে বুঝি আমিই এসে বসনু বুকের কোলটি ঘেঁষে ধরতে গিয়ে দেখবে যখন- শুন্য শয্যা! মিথ্যা স্বপন! বেদনাতে চোখ বুঁজবে- বুঝবে সেদিন বুঝবে! গাইতে ব’সে কন্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলবে সবাই- “সেই যে পথিক তার শোনানো গান না?-” আসবে ভেঙ্গে কান্না! প’ড়বে মনে আমার সোহাগ, কন্ঠে তোমার কাঁদবে বেহাগ! পড়বে মনে আমার ফাঁকি অশ্রু-হারা কঠিন আঁখি ঘন ঘন মুছবে, বুঝবে সেদিন বুঝবে! আবার যেদিন শিউলী ফু’টে ভরবে তোমার অঙ্গন, তুলতে সে-ফুল গাঁথতে মালা, কাঁপবে তোমার কঙ্কণ- কাঁদবে কুটীর -অঙ্গন, শিউলী ঢাকা মোর সমাধি প’ড়বে মনে উঠবে কাঁদি’! বুকের মালা ক’রবে জ্বালা, চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘুচবে- বুঝবে সেদিন বুঝবে! আসবে আবার আশিন হাওয়া, শিশির-ছেঁচা রাত্রি, থাকবে সবাই- থাকবে না এই মরণ-পথের যাত্রী! আসবে শিশির-রাত্রি! থাকবে পাশে বন্ধু-স্বজন, থাকবে রাত বাহুর বাধন, বঁধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে- বিষিয়ে ও-বুক উঠবে- বুঝবে সেদিন বুঝবে! আসবে তোমার শীতের রাতি, আসবে না ক’ আর সে- তোমার সুখে পড়ত বাঁধা থাকলে যে-জন পার্শ্বে, আসবে না ক’ আর সে, পড়বে মনে, মোর বাহুতে মাথা থুয়ে যে-দিন শুতে, মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়!- সেই স্মৃতি নিত এ-বিছানায় কাঁটা হয়ে ফুটবে- বুঝবে সেদিন বুঝবে। আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরী রঙ্গে, সেই তরীতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে- দুলবে তরী রঙ্গে। প’ড়বে মনে, সে কোন রাতে এক তরীতে ছিলে সাথে, এমনি গাঙে ছিল জোয়ার নদীর দু’ধার এমনি আঁধার তেমনি তরী ছুটবে- বুঝবে সেদিন বুঝবে। তোমার সখার আসবে যেদিন এমনি কারা-বন্ধ, আমার মত কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ- সখার কারা-বন্ধ! বন্ধু তোমার হানবে হেলা, ভাঙ্গবে তোমার সুখের মেলা; দীর্ঘ বেলা কাটবে না আর, বইতে প্রাণের শ্রান্ত এ-ভার মরণ-সনে বুঝবে- বুঝবে সেদিন বুঝবে। ফুটবে আবার দোলন-চাঁপা, চৈতি-রাতের চাঁদনী, আকাশ-ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাঁদনি- চৈতী-রাতের চাঁদনী। ঋতুর পরে ফিরবে ঋতু, সেদিন হে-মোর সোহাগ-ভীতু! চাইবে কেঁদে নীল নভোগা’য় আমার মতন চোখ ভ’রে চায় যে-তারা, তায় খুঁজবে- বুঝবে সেদিন বুঝবে! আসবে ঝড়ি, নাচবে তুফান, টুটবে সকল বন্ধন কাঁপবে কুটীর সেদিন ত্রাসে, জাগবে বুকে ক্রন্দন- টুটবে যবে বন্ধন! পড়বে মনে, নেই সে সাথে বাধতে বুকে দুঃখ- রাতে।- আপনি গালে যাচবে চুমা, চাইবে আদর, মাগবে ছোঁওয়া, আপনি যেচে চুমবে- বুঝবে সেদিন বুঝবে! আমার বুকের যে কাঁটা ঘা তোমায় ব্যথা হানত, সেই আঘাতই যাচবে আবার হয়তো হ’য়ে শ্রান্ত- আসব তখন পান্থ। হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে প’ড়বে ঢ’লে, আপনি সেদিন সেধে-কেঁদে চাপবে বুকে বাহুয় বেঁধে, চরন চু’মে পূজবে- বুঝবে সেদিন বুঝবে ! বিখ্যাতদের লেখা কবিতা