ষাঁড় ঢুকেছে চায়না শপে
মোহাম্মদ কামরুজ্জামান
চায়না শপ
ষাঁড় ঢুকেছে চায়না শপে কেনাকাটার ছুঁতায়,
শপকিপারের মাথা খারাপ এমন ক্রেতার গুঁতায়।
ঝনঝনিয়ে প্লেট পড়ে যায়, খনখনিয়ে বাটি,
পায়ের নিচে ডিনার সেটের চলছে ফাটাফাটি।
এদিক যখন শিঙে বাধে, ওদিক বাধে পেটে,
একমনে ষাঁড় জিনিসপাতি দেখছে হেঁটে হেঁটে।
পিরিচগুলো পড়ছে ডানে, কাপগুলো তার বাঁয়ে,
গ্লাস ট্রে বোল স্যুপের বাটি ভাঙছে লেজের ঘায়ে।
শপকিপারের রাগ চড়ে যায়, সঙ্গে ক্রেতাদেরও,
আসলো সবাই তেড়েমেড়ে-ষাঁড় ব্যাটা তুই বেরো।
কিন্তু সে ষাঁড় বেরোবে কি-শপিং আরও বাকি,
মাথার পরে ঝাড়বাতিরাও হালকা খেল ঝাঁকি।
ষাঁড় হয়ে কেউ জন্ম নিলে ষাঁড়ই থাকে-ষাঁড়ই,
কী আর করা-দোকানি ওর মাথায় মারে বাড়ি।
চারদিকে তার চার পা তুলে লুটিয়ে পড়ে সে ষাঁড়,
সবাই হেসে টিটকারি দেয়, ‘উঠল কি না প্রেশার!
এক ঘায়ে তুই কাত হয়ে যাস্, হারিয়ে ফেলিস জ্ঞানও,
গাধার মতো চায়না শপে ঢুকতে এলি কেন?’
আরও ছড়া পড়ুন
চায়না শপ


